দাম কমে যাওয়ায় গত মাসে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন হতাশ কৃষকেরা। তখন রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল ৮ থেকে ১০ টাকা। আলুচাষিদের স্বস্তি দিতে দুই সপ্তাহ থেকে আলুর দাম বাড়ছে। গত সপ্তাহে বাজারভেদে ১০-১২ টাকা কেজি বিক্রি হওয়া আলুর দাম গতকাল শুক্রবার ছিল ১২ থেকে ১৫ টাকা।
গতকাল কয়েকটি বাজার ঘুরে আলুর দামের এ ব্যবধান দেখা গেছে। এক মাসের ব্যবধানে রাজধানীর বাজারে আলুর দর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। ব্যবসায়ীরা মনে করছেন, হিমাগারে আলু সংরক্ষণ খরচ, কৃষকের উৎপাদন খরচসহ মুনাফা ধরে আলুর বর্তমান দর ঠিক আছে।
আলুর মতো বেড়েছে পেঁয়াজ ও আদার দামও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম তিন টাকা ও আদার দাম ১০ টাকা বেড়েছে। গতকাল দেশি পেঁয়াজ ৩০-৩২ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ২৬-২৮ টাকায় বিক্রি হয়।
অবশ্য পাইকারেরা দাবি করেছেন, পাইকারিতে দেশি পেঁয়াজের দর বাড়েনি। গতকাল পাইকারি বাজার শ্যামবাজারে চুয়াডাঙ্গার পেঁয়াজ ১৩-১৪ টাকা, ফরিদপুরের ১৮-২০ টাকা, পাবনার ২০-২২ টাকা এবং আমদানি করা পেঁয়াজ ১৯-২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ ছাড়া বিভিন্ন সবজির দামও বেড়েছে। শীতে পাম তেল জমে যাওয়ায় এর চাহিদা কম থাকে। শীত চলে যাওয়ায় এই তেলের দাম বেড়েছে বলে দোকানিরা জানান। গতকাল খুচরায় পাম তেল বিক্রি হয় প্রতি লিটার ৮০-৮১ টাকা। গত সপ্তাহে ছিল ৭৭-৭৮ টাকা।
চালের দাম আর বাড়েনি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বিশ্লেষণে দেখা যায়, এক বছরে মানভেদে চালের দর বেড়েছে ৯-১৯ শতাংশ। এর মধ্যে সাধারণ মানের নাজিরশাইল বা মিনিকেট ৩৪-৪৫ টাকা থেকে ৮ দশমিক ৮৬ শতাংশ বেড়ে হয়েছে ৪০-৪৬ টাকা, উত্তম মানের নাজিরশাইল বা মিনিকেট ৪৬-৪৮ টাকা থেকে ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৪৭-৫৭ টাকা, মাঝারি মানের চাল ৩৪-৩৬ টাকা থেকে ১৮ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৩৯-৪৪ টাকা এবং মোটা বা ইরি বা স্বর্ণা চাল ৩০-৩২ টাকা থেকে ১২ দশমিক ৯০ শতাংশ বেড়ে হয়েছে ৩৪-৩৬ টাকা।