আলু বেচে উৎপাদন খরচ উঠছে না, বিপাকে চাষিরা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আলুর ভালো দাম না পেয়ে বিপাকে পড়েছেন আগাম আলুচাষিরা। দরপতনের কারণে উৎপাদন খরচ উঠছে না চাষিদের। তাঁদের প্রতি বিঘায় ৮-৯ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।
সেনুয়া গ্রামের জয়নাল আবেদীন গত বৃহস্পতিবার পীরগঞ্জ কলেজ হাটে বলেন, ‘চার বিঘায় গ্র্যানুলা আলুত ১ লাখ টাকা খরচ। জনমজুর, ভেনভাড়া, হাটের তোলা বাদে মণপ্রতি দাম পানু ১২৫ টাকা। এক বিঘার গ্র্যানুলা আলু বেচে ১৬ হাজার টাকা পাইচু। বিঘাতে ৮-৯ হাজার টাকা লস। এলা হামরা কেং করে বাঁচিমো?’
গত শুক্র ও শনিবার থুমনিয়া গ্রামের আবুল কাশেম, কুশারীগাঁওয়ের মো. আলম, খালপাড়ার মাহাতাব আলী, দৌলতপুরের লুৎফর রহমান, নারায়ণপুরের কর্ম চন্দ্র শীলসহ বিশমাইল, ঘিডোব, গড়গাঁও, দুর্গাপুর ও জগথা গ্রামের ১৬-১৭ জন চাষির সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রথম দিকে প্রতি কেজি গ্র্যানুলা আলু ৩০-৩৫ টাকায় বিক্রি হয়েছে। এখন বাজারে গ্র্যানুলার পাশাপাশি কারেস ও কার্ডিনাল জাতের প্রচুর আলু ওঠায় গ্র্যানুলা আলুর দর কমে গেছে। কার্ডিনাল, কারেসসহ অন্যান্য জাতের লাল আলুর কাছে গ্র্যানুলা আর পাত্তাই পায় না। পাইকারেরাও এই আলুর দিকে তাকান না। খেত থেকে আলু তুলে বস্তায় ঢোকাতে মজুির খরচ, বস্তাপ্রতি ১০ টাকা হারে ভ্যানভাড়া ও হাটের তোলা (হাসিল) মিলে প্রতি বস্তায় খরচ হচ্ছে ৩০-৩৫ টাকা। পাইকারেরা প্রতি মণ গ্র্যানুলার দাম ১৫০-১৬০, কার্ডিনাল ১৮০-১৯০, কারেস ১৬০-১৭০ টাকার বেশি বলেন না। ওই দামে আলু বেচে খরচ বাদে মণপ্রতি ১২০ থেকে ১৬০ টাকার বেশি টেকে না। এই দরে আলু বেচে উৎপাদন খরচ তো উঠছেই না বরং বিঘাপ্রতি লোকসান হচ্ছে ৮-১০ হাজার টাকা।
কলেজ হাটের আলুর পাইকার মো. জয়নাল ও কাশেম বলেন, ‘আমরা তো বেশি দামে আলু কিনতে চাই। চাহিদা না থাকায় এলাকার বাইরে আলু যায় না। আমরা কৃষকের আলু কিনে স্থানীয় খুচরা দোকানদারদের কাছে বিক্রি করে কেজিপ্রতি ৫০-৬০ পয়সা লাভ করি। এখানকার আলু ঢাকাসহ বিভিন্ন জায়গায় রপ্তানি হলে আলুর দাম বেশি থাকত। তাতে আমরাও বাঁচতাম, চাষিও বাঁচত।’
ভাকুড়া গ্রামের আলুচাষি দেলোয়ার হোসেন বলেন, ‘গ্র্যানুলা আলুর দাম প্রথম দিকে ভালোই ছিল। এখন লাল রঙের কারেস, কার্ডিনালসহ অন্যান্য আলুর কাছে পাত্তাই পাচ্ছে না গ্র্যানুলা আলু। অন্যান্য আলুরও দাম তেমন নেই। দরপতনের কারণে এখনো আগাম আবাদ করা প্রচুর আলু কৃষকের মাঠেই আছে। আলুর দাম না পাওয়ায় অর্থাভাবে বোরো, ভুট্টা, গমে খরচ করতে পারছেন না চাষিরা।’
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গ্র্যানুলা, কারেস, কার্ডিনাল আলুর রোপণ শুরু হয় সেপ্টেম্বরে। সব জাতের আলুর ৩০ নভেম্বর পর্যন্ত রোপণ চলে। গ্র্যানুলা সবার আগে ৬৫ দিনে ওঠে। অনেকে গ্র্যানুলা আলুর কাণ্ডগুলো টেনে তুলে নিয়ে আলুটা মাটির নিচেই রেখে দিয়েছেন। এটাকে কৃষি কর্মীদের ভাষায় ‘হামপুলিং’ বলে।
উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এবার উপজেলায় গ্র্যানুলা, কারেস, রোমানা, ডায়মন্ড ও কার্ডিনাল জাতের আবাদ হয়েছে। রোমানা, ডায়মন্ড ও কারেস আলু তুলে চাষিরা ফাল্গুন-চৈত্র মাসে হিমাগারে রাখেন। গত মৌসুমে উপজেলায় ২ হাজার হেক্টরে আলুর আবাদ হয়েছিল। হেক্টরপ্রতি গড় উৎপাদন হয়েছিল ১৬ দশমিক ৮৭ মেট্রিক টন। এবার আলুর আবাদ হয়েছে ২ হাজার ৯৫০ হেক্টরে। এবার হেক্টরপ্রতি গড় উৎপাদন হচ্ছে ১৭ মেট্রিক টন।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘পীরগঞ্জে এ বছর আলু চাষে বিপ্লব ঘটেছে। গত বছরের তুলনায় ৯০০ হেক্টর বেশি জমিতে আলুর আবাদ হয়েছে এবার। ফলনও হয়েছে ভালো। এলাকার বাইরেও এখন আলু যাচ্ছে না। আলুর দরপতনের এটাও একটা কারণ বলে আমরা মনে করছি।’