আলু সংরক্ষণের কার্ড ব্যবসায়ীদের পকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলালে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু এ আলু সংরক্ষণে স্থানীয় হিমাগার দুটিতে জায়গা পাচ্ছেন না কৃষকেরা। দিশেহারা এসব কৃষক অভিযোগ করেন, এলাকার একটি ব্যবসায়ী চক্র হিমাগার দুটি থেকে আলু সংরক্ষণের কার্ড কিনে নেওয়ায় এ দশা হয়েছে।উপজেলা কৃষি কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, এবার উপজেলায় বিঘাপ্রতি রেকর্ড পরিমাণ (৯০ থেকে ১১০ মণেরও বেশি) আলুর ফলন হয়েছে। কৃষকেরা এখন পর্যন্ত ১০ শতাংশ আলুও ওঠাতে পারেননি। এর আগেই উপজেলার মোল্লা কোল্ড স্টোর ও বটতলী হিমাদ্রী লিমিটেডে আলু সংরক্ষণের কার্ড শেষ হয়ে গেছে।৩০ জানুয়ারি মোল্লা কোল্ড স্টোরে গিয়ে দেখা যায়, কার্ড না পেয়ে উপজেলার বিনাই গ্রামের কৃষক আবদুর রহিম, দেউলিয়া গ্রামের মোনায়েম হোসেনসহ বেশ কয়েকজন কৃষক ও ব্যবস্থাপকের মধ্যে বাগিবতণ্ডা চলছে। তাঁরা অভিযোগ করেন, এলাকার কিছু অসাধু ব্যবসায়ী আগেই সব কার্ড হাতিয়ে নিয়েছেন। ফলে এখন কার্ড পাচ্ছেন না তাঁরা।গাদুকা গ্রামের কৃষক আশরাফ আলী জানান, এ বছর মাত্র ২০০ বস্তা রাখার কার্ড পেয়েছেন। কিন্তু বর্তমানে মণপ্রতি আলুর বাজারমূল্য ২০০-২৫০ টাকা। এ দরে তো তাঁরা বিক্রয় করতেও পারছেন না।মোল্লা কোল্ড স্টোরের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, তাঁদের হিমাগারে ৮৫ হাজার বস্তা আলু সংরক্ষণ করা যায়। এর মধ্যে সাত থেকে সাড়ে ১০ হাজার বস্তা সংরক্ষণের কার্ড ব্যবসায়ীদের দেওয়া হয়েছে। এ বছর আলুর বাম্পার ফলন হওয়ায় সংরক্ষণ কার্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেছে।অপর দিকে বটতলী হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক আবদুল হালিম বলেন, ‘সপ্তাহ দুয়েক আগেই আলুর বুকিং কার্ড শেষ হয়ে গেছে। কৃষকেরা না পেলে আমাদের করার কিছুই নেই। আমাদের মোট ধারণক্ষমতার ১০ থেকে ১৫ শতাংশ ব্যবসায়ীদের সুযোগ দিতে হয়।’উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘এখনো হাজার হাজার কৃষক আলু সংরক্ষণের কার্ড পাননি। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা বলেন, ‘আলু সংরক্ষণ কার্ডের সংকট হওয়ার আভিযোগ পেয়েছি। ওই দুই হিমাগার ব্যবস্থাপককে কৃষকদের কার্ড সরবরাহের নির্দেশ দিয়েছি।’