বাম্পার ফলন নিয়ে বিপাকে পড়া কৃষকদের উত্পাদিত আলু হিমাগারে রাখার ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার। গত সোমবার দেশের ৬৪ জেলার ডিসিদের চিঠি দিয়ে এ নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। মালিকেরা বলছেন, দেশের চালু সব হিমাগারই এখন আলুতে বোঝাই। অন্যদিকে ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, প্রভাবশালীরা মুনাফা লুটতে হিমাগারের বেশির ভাগ জায়গার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন।প্রতিবছরই মধ্যস্বত্বভোগী ও অসাধু ব্যবসায়ীরা হিমাগারগুলো দখলে নিয়ে নেন উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে এবার যাতে তা না হয়, সে ব্যবস্থা নিতে বলা হয়েছে ডিসিদের। গত ১৫ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ চিঠি পাঠানো হয় বলে সূত্র জানায়।সম্প্রতি রংপুরে বিপুলসংখ্যক কৃষক আলু সংরক্ষণ করতে না পেরে বিক্ষোভ করেন।বাংলাদেশ হিমাগার মালিক সমিতি সূত্র বলেছে, দেশের ৩০০টির মতো হিমাগারের মধ্যে চালু রয়েছে ২৬০টি। চালু হিমাগারগুলোর ধারণক্ষমতা ২৭ লাখ টন এবং সবগুলোই এখন আলুবোঝাই। সাত লাখ টন আলুবীজও ইতিমধ্যেই হিমাগারে পৌঁছে গেছে।সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরসহ বর্তমান সংসদের সাতজন সদস্যের হিমাগার রয়েছে।হিমাগার মালিক সমিতির সভাপতি এম জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ডিসিদের উদ্দেশে সরকারের নির্দেশটি তেমন কোনো কাজে আসবে না। কারণ হিমাগারগুলো ইতিমধ্যেই আলুতে বোঝাই।’ তিনি অভিযোগ করেন, হিমাগারগুলোতে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুত্ থাকে না। কিন্তু সে ব্যাপারে সরকারের কোনো খেয়াল নেই। আবার যে হারে উত্পাদন বাড়ছে, সে অনুযায়ী নতুন হিমাগার তৈরিরও উদ্যোগ নেই।মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ‘খাজা গরীবে নেওয়াজ’ হিমাগারের মালিক আবু তাহের প্রথম আলোকে বলেন, তাঁর হিমাগারে দেড় লাখ বস্তা আলু সংরক্ষণ করা যায়। ইতিমধ্যেই কৃষকদের আলুতে তা বোঝাই হয়ে গেছে। রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও রংপুরের সাতটি হিমাগারের মালিক মোস্তফা আজাদ চৌধুরী জানান, তাঁর সাতটি হিমাগারের ধারণক্ষমতা সাত লাখ টন। এর মধ্যে ছয় লাখ টনই আলুতে ভরে গেছে। ৯০ শতাংশ আলুই কৃষকের বলে তিনি দাবি করেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং দ্রব্যমূল্য-সংক্রান্ত তদারক কমিটির আহ্বায়ক মোস্তফা মহিউদ্দিন বিদেশে থাকায় তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব গোলাম হোসেন কোনো বক্তব্য দিতে রাজি হননি। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এ বছর ৯০ লাখ টন আলু উত্পাদিত হয়েছে। গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ উত্পাদন বেশি হয়েছে। গত বছর ৬৭ লাখ ৬৬ হাজার টন আলু উত্পাদন হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ অনুযায়ী, জনপ্রতি প্রতিদিনের আলুর চাহিদা ৬৭ গ্রাম। সে হিসাবে বার্ষিক আলুর চাহিদা এখন ৩৪ লাখ টন।মজুদ নির্দেশনার সংশোধনএদিকে, দ্রব্যমূল্য-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটির ১৫ মার্চের বৈঠকে এক লাখ টনের বেশি ধান মজুদ না রাখার যে সুপারিশ করা হয়েছিল, তার আংশিক সংশোধন করা হয়েছে গত সোমবার। ডিসিদের জানানো হয়েছে যে এক লাখ টন নয়, বরং ‘অতিরিক্ত ধান’ যাতে কেউ মজুদ করতে না পারে, তাঁদের সে ব্যবস্থা নিতে হবে।