আলুখেতে ছড়িয়েছে ভাইরাস
রাজশাহীর বাগমারা উপজেলায় কার্ডিনাল জাতের আলুখেতে ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। কোনো প্রতিষেধক কাজ না করায় ক্রমেই এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। চাষিদের অভিযোগ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরবরাহ করা বীজ কিনে তাঁরা প্রতারিত হয়েছেন। তবে কৃষি বিভাগ বলেছে, শুধু বিএডিসি নয়, অন্য কোম্পানির আলুর বীজের গাছও ভাইরাসে আক্রান্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে বাগমারায় ১৩ হাজার ৩২০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে কার্ডিনাল জাতের আলু চাষ করা হয়েছে ৪ হাজার ৮০৫ হেক্টর জমিতে। কৃষকেরা নিজেদের সংরক্ষিত বীজ ছাড়াও বিভিন্ন কোম্পানি ও বিএডিসির বীজ কিনে রোপণ করেন। এ বছর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৯০ মেট্রিক টন এবং ডিলারদের মাধ্যমে আরও ১০০ মেট্রিক টন কার্ডিনাল জাতের আলুবীজ বিতরণ করেছে বিএডিসি। চাহিদা থাকায় চাষিরা অন্য এলাকা থেকে বীজ সংগ্রহ করেছেন বলে কৃষি বিভাগ জানিয়েছে।
উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা, মাড়িয়া, বাসুপাড়া, কাচারীকোয়ালীপাড়া, বড়বিহানালী ইউনিয়ন এলাকার ১০-১২ জন চাষি অভিযোগ করেন, তাঁরা বিএডিসির বীজ কিনে প্রতারিত হয়েছেন। তাঁদের নিম্নমানের বীজ সরবরাহ করার কারণে সেগুলোতে ভাইরাস আক্রমণ করেছে। গাছ বের হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো কুঁকড়ে যাচ্ছে। আক্রান্ত এসব খেতে কোনো প্রতিষেধক কাজ করছে না। এ কারণে আক্রান্ত খেতে থেকে এ রোগ অন্য খেতে ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত প্রায় ৩০০ হেক্টর জমি ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কৃষি বিভাগ দাবি করেছে, ১৩০ হেক্টর জমির আলুখেত আক্রান্ত হয়েছে। তবে রোগ ছড়িয়ে পড়ায় তা বাড়ার আশঙ্কা করছেন চাষিরা।
উত্তর একডালা গ্রামের আহাদ আলী বলেন, তিনি বিএডিসির স্থানীয় ডিলারের কাছ থেকে ৫০ বস্তা কার্ডিনাল জাতের আলুবীজ কিনে রোপণ করেছেন। ওই খেতে ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। একই কথা বলেন অনন্তপাড়া গ্রামের আলুচাষি আমজাদ হোসেন।
গোয়ালপাড়া গ্রামের চাষি আলতাফ হোসেন, আশেক আলী, মানসিংহপুরের আবদুল জব্বার, হেলাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভালো ফলন ও প্রতারিত না হওয়ার আশায় তাঁরা বিএডিসির বীজ কিনে রোপণ করেন। কেউ কেউ হিমাগার ও বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) থেকে ঋণ নিয়ে বিএডিসির আলুবীজ কিনেছেন। এতে তাঁরা প্রতারিত হয়ে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা খয়ের উদ্দিন মোল্লাহ জানান, একধরনের পোকা থেকে এটা ছড়িয়ে পড়ছে। এর প্রতিরোধে করণীয় সম্পর্কে তিনি বলেন, আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। কৃষি বিভাগ এ বিষয়ে পরামর্শমূলক প্রচারপত্র বিলি শুরু করেছে।
খয়ের উদ্দিন মোল্লাহ আরও বলেন, শুধু বিএডিসি নয়, বিভিন্ন কোম্পানির বীজের গাছই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে কৃষকেরা কেন বিএডিসির বীজের কথা বলছেন, এমন প্রশ্নের জবাবে বলেন, ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাঁরা এমন অভিযোগ করছেন।
বিএডিসির রাজশাহীর উপপরিচালক (বীজ ও বিপণন) শামসুদ্দিন মুঠোফোনে জানান, এ ধরনের অভিযোগ থাকায় সরেজমিনে মাঠ পরিদর্শন করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিএডিসির বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, কোম্পানির বীজেই চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।