ভোলায় গত মৌসুমে ভালো ফলন ও লাভ হওয়ায় এ বছর আলুর আবাদ বেড়েছে। তবে ভালো বীজ ও আবহাওয়া অনুকূল না হওয়ায় অনেক খেতে চারা গজায়নি। কোথাও কোথাও ছত্রাকের আক্রমণে গাছের পাতা কুঁকড়ে গাছ মরে যাচ্ছে। আবাদ বেশি হলেও এসব কারণে ফলন নিয়ে শঙ্কিত কৃষকেরা।
ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, প্রতি ইউনিয়নে তিনজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কর্মরত আছেন। তাঁদের মুঠোফোন নম্বর সব কৃষকের কাছে থাকা জরুরি। ফোন করলেই কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা দিতে বাধ্য। কৃষি কর্মকর্তারা আলুখেত পর্যবেক্ষণ করে কিছু খেতে ছত্রাকের উপস্থিতি লক্ষ করেছেন। তা ছাড়া এ বছর আবহাওয়াও অনুকূলে নেই। হঠাৎ শীত, হঠাৎ গরম। তারপরও এ বছর আলুর উৎপাদন বেশি হবে বলে তিনি আশা করছেন। ন্যায্যমূল্য পেলে কৃষক দ্বিগুণ লাভ পাবেন।
জেলা কৃষি বিভাগের খামারবাড়ির দেওয়া তথ্য, গত বছর জেলায় আলু আবাদ হয়েছে ৬ হাজার ৩৫০ হেক্টর। চলতি বছরে হয়েছে ৮ হাজার ৫০০ হেক্টর। গত বছর আলু চাষ করে কৃষকেরা ১ লাখ ৪৫ হাজার ৩৬০ মেট্রিকটন আলু ঘরে তুলেছেন। কৃষি বিভাগ আশা করছে, চলতি বছরে দুই লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হবে।
আলু আবাদ বেড়ে যাওয়ার কারণ হিসেবে কৃষি বিভাগ মনে করে, ফলন ও দাম ভালো পাওয়াসহ ভোলায় একটি উন্নতমানের হিমাগার চালু হওয়ায় কৃষক আলু আবাদে ঝুঁকছেন।
কমপক্ষে ৫০ জন চাষির সঙ্গে কথা বলে জানা যায়, আলু চাষের শুরু থেকেই ভোলার কৃষকেরা বীজ সমস্যায় পড়েন। তাঁরা কখনো বিএডিসির, কখনো বেসরকারি কোম্পানির কিংবা বিদেশ থেকে আসা বাক্সের বা ব্যক্তিমালিকানার বীজ কিনে ঠকছেন। ঠকে ঠকে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। সার, ওষুধ ও কীটনাশক ব্যবহারেও নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। আবহাওয়া সম্পর্কেও উন্নত জ্ঞান নেই তাঁদের। আলুখেত পরিদর্শন করে পরামর্শ দিতে কেউ মাঠে আসছেন না। তারপরেও আলু বেচে ভালো লাভ হওয়ায় এ চাষে ঝুঁকছেন।
কৃষকেরা জানান, খেতে ১০ থেকে ৫০ ভাগ আলুর চারা গজায়নি। একই হারে ছত্রাক আক্রান্ত পাতা কুঁকড়ে মরে যাচ্ছে গাছ।
ভোলা সদর উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের আমজাদ হোসেন বলেন, গত বছর আলু চাষে খরচের সমপরিমাণ টাকা লাভ হয়েছে। এ মৌসুমে ব্যাংক ও এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তিনি আলুর আবাদে নেমেছেন। মৌসুমের শুরুতে খেতের এমন অবস্থায় উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে তিনি শঙ্কিত।
একই ইউনিয়নের কৃষক শরিফ হোসেন জানান, তিনি গত বছরের মতো এ বছরও তিন একর জমিতে আলুর আবাদ করেছেন। খেতে ৪৫ ভাগ গাছের পাতা কুঁকড়ে গেছে। এটি কোনো রোগের লক্ষণ, না আবহাওয়ার কারণে, তা বুঝতে পারছেন না।
লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া এলাকার হারুন ব্যাপারী এ বছর আট একর জমিতে আলুর আবাদ করেছেন। তিনি বলেন, ‘আমি ১৫ বছর ধরে আলু আবাদ করছি। ফলন খারাপ হওয়ার পেছনে কৃষি অফিস, অনুন্নত বীজ, বৈরী আবহাওয়া, কৃষকের অজ্ঞতা ও বাজারই দায়ী।’
ভোলা নাজিউর রহমান ডিগ্রি কলেজের কৃষি বিভাগের প্রভাষক এ বি এম নুরুল হক পূর্ব-ইলিশা ইউনিয়নের আলুখেত পরিদর্শন করে বলেন, এবার আবহাওয়া আলু আবাদের অনুকূলে নয়। রয়েছে ছত্রাক ও ভাইরাসের আক্রমণ। কৃষককে এখনই সতর্ক হতে হবে। তা না হলে ক্ষতির মুখে পড়বেন।