আলুখেতে নাবি ধসা রোগ, বিপাকে চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের ঘন কুয়াশা এবং এক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে আলুগাছ পচন রোগে আক্রান্ত হয়েছে। মৌসুমের শুরুতে ফলন ভালো হওয়ায় আলুচাষিরা খুশি হয়ে উঠলেও এ রোগ দেখা দেওয়ার পর তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

গত কয়েক বছরের তুলনায় এবার আলুর দাম বেশি হওয়ায় বগুড়ার কাহালু ও দুপচাঁচিয়ার কৃষকেরা আমন ধান কেটেই আলু লাগানো শুরু করেন। মৌসুমের শুরু থেকে আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা উৎফুল্ল থাকলেও তাঁদের সেই খুশি এখন মলিন হয়ে গেছে। গত কয়েক দিনের ঘন কুয়াশা আর গত মঙ্গলবারের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আলুগাছে পচন রোগ দেখা দিয়েছে। ঘন কুয়াশায় আলুখেতে লেট ব্লাইট (নাবি ধসা) রোগ দেখা দেয়। পরে বৃষ্টি হওয়ায় এ রোগ আরও ছড়িয়ে পড়ে বলে কৃষকেরা অভিযোগ করেন।

গতকাল বুধবার দুই উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, আলুর সবুজ রঙের পাতা কুঁকড়ে গেছে। গাছের গোড়ায় পচন ধরেছে। খেতের মাঝে বৃষ্টির পানি জমেছে।

কাহালুর কালাই কর্ণিপাড়ার কৃষক মোখলেছার রহমান এবার ২৫ বিঘা জমিতে আলু লাগিয়েছেন। তিনি বলেন, সারা বছর খেতে ধানের দুই ফসল করে খরচ ওঠে না। এখন এলাকায় ব্যাপক হারে আলু চাষ হচ্ছে। এতে কৃষকেরা দু-চার টাকা চোখে দেখছেন। এবার মৌসুমের শুরু থেকেই আবহাওয়া ভালো নয়। রাতে প্রচুর কুয়াশা পড়ে। তাতে আলুগাছে পোকামাকড় দেখা দেয়। কিন্তু গত মঙ্গলবারের বৃষ্টিতে আলুগাছের গোড়ায় পচন ধরেছে।

কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান বলেন, বর্তমানে আলুর খেতে যে রোগ হয়েছে, এর জন্য সিকিউর, ম্যানকোজেট জাতীয় ওষুধ দিতে হবে। তিনি আরও বলেন, কৃষি কর্মকর্তারা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তবে আবহাওয়া শুষ্ক থাকলে আলুর ফলনে তেমন সমস্যা হবে না। একই কথা বলেন দুপচাঁচিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন। বগুড়ার আদমদীঘিতে কয়েক দিনের ব্যবধানে একরের পর একর আলুগাছ মরে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন আলুচাষিরা। সমস্যা মোকাবিলায় উপজেলা কৃষি কার্যালয় থেকে মাঠপর্যায়ে কৃষকদের কোনো বুদ্ধি-পরামর্শও দেওয়া হচ্ছে না বলে একাধিক কৃষক অভিযোগ করেন।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, আলুগাছের পাতা পচা রোগে আক্রান্ত হয়ে একরের পর একর আলুগাছ মরে গেছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও এ জমিতে ছিল সবুজের সমারোহ।

জিনইর গ্রামের আলুচাষি কালাম ফকির, শিয়ালশনের আবদুল জলিলসহ অনেক আলুচাষি বলেন, তাঁরা প্রত্যেকে এক থেকে চার বিঘা পর্যন্ত আলুর আবাদ করেছেন। তাঁদের আলুখেতে এই রোগ দেখা দেওয়ায় কীটনাশক দিয়েও পচন থেকে আলুগাছ রক্ষা করতে পারছেন না। সমস্যা মোকাবিলায় কৃষি কার্যালয় থেকেও কৃষকেরা কোনো পরামর্শ পাচ্ছেন না।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ঘন কুয়াশা ও আবহাওয়া অনুকূলে না থাকায় আলুগাছে লেট ব্লাইট রোগ দেখা দিয়েছে। প্রতিটি ব্লকে আলুচাষিদের পরামর্শ দেওয়াসহ দলীয় সভা করা হচ্ছে। লেট ব্লাইট রোগে প্রতিরোধমূলক সিকিউর, ম্যানকোজেট, নাজাহ, রেডিমেল গোল্ডজাতীয় ওষুধ দিতে বলা হয়েছে আলুচাষিদের।

এদিকে রাজশাহীর বাগমারার আলুখেতেও নাবি ধসা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, কৃষকেরা নিজেদের সংরক্ষিত বীজ ছাড়াও বিভিন্ন কোম্পানি ও বিএডিসির বীজ কিনে রোপণ করেন। উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা, গনিপুর, বাসুপাড়া, যোগীপাড়া, বড়বিহানালী, নরদাশ ইউনিয়ন এলাকার ১৫-১৬ জন চাষি বলেন, তাঁরা উপজেলা কৃষি কার্যালয়ের মাধ্যমে বিএডিসির বীজ ও বাজার থেকে বিভিন্ন কোম্পানির বীজ কিনে আলু চাষ করেছেন। আলু রোপণের পর গাছ গজালেও সপ্তাহখানেক আগে থেকে খেতে পচা রোগ দেখা দিয়েছে। আগে ভাইরাসে আক্রান্ত হলেও এখন নাবি ধসা রোগে আক্রান্ত হয়েছে। এ রোগ এক খেত থেকে আরেক খেতে ছড়িয়ে পড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান বলেন, অতিরিক্ত ইউরিয়া ও নাইট্রোজেন ব্যবহারের কারণে আলুখেতে এই রোগ দেখা দিয়েছে। কৃষকেরা তাঁর দপ্তরে এলে যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

{প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আমাদের দুপচাঁচিয়া ও আদমদীঘি (বগুড়া) এবং বাগমারা (রাজশাহী) প্রতিনিধি}