আলু চাষে নাভিধসা রোগ দেখা দেওয়ায় মাথায় হাত পড়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাষিদের। চিন্তায় কৃষি বিভাগও। রোগের প্রতিকারে কী ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, তা নিয়ে ওই বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া শুরু হয়েছে।
কিন্তু চাষিদের অভিযোগ, ওষুধ প্রয়োগ করেও আলুর পচন থামানো যাচ্ছে না।
গত বৃহস্পতি ও শুক্রবারের মেঘলা আকাশ, কুয়াশা আর মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি—এই ত্রিফলায় বিদ্ধ হয়েছে আলু। এখন পাল্লা দিয়ে বাড়ছে রোগের প্রকোপ। বেড়ে ওঠা আলুগাছগুলো কুঁকড়ে যাচ্ছে। এই অবস্থায় বিপাকে পড়েছেন চাষিরা। অনেকেই আলুর রোগমুক্তির আশায় স্থানীয় সার ব্যবসায়ীদের পরামর্শে বিভিন্ন ওষুধ প্রয়োগ শুরু করেছেন। আর এতে হিতে বিপরীত হয়েছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আলুপ্রধান এলাকা হিসেবে পরিচিত এ উপজেলায় চলতি মৌসুমে ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর চাষ করা হচ্ছে। এ রোগ থেকে প্রতিকার পেতে আলুচাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের সচেতন করার জন্য এক সপ্তাহ আগে থেকে গোটা উপজেলায় লিফলেট বিতরণ করা হচ্ছে।
চার-পাঁচজন কৃষক জানান, প্রথমে আলুগাছের পাতা, ডগা ও কাণ্ডে ছোট ভেজা দাগ পড়ে। ক্রমে দাগ বড় হয়ে যায়। এরপর সমগ্র পাতা, ডগা ও কাণ্ডের কিছু অংশ ঘিরে ফেলে। ভোরের দিকে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো জীবাণু চোখে পড়ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এই অবস্থায় প্রতিরোধ হিসেবে অনুমোদিত মাত্রায় বর্দো মিক্সচার অথবা যেকোনো কপার ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। স্পর্শক (কন্টাক্ট) জাতীয় ছত্রাকনাশক যেমন ডায়াথেন এম ৪৫, হেম্যানকোবেজ, ইন্ডোফিল, মেলোডি ডুও, সিকিউর যেকোনো একটি ২ গ্রাম প্রতি লিটার পানিতে সাত দিন পরপর স্প্রে করতে হবে।
উপজেলার কুড়াহার গ্রামের আনিছুর রহমান (৪৫) এবার তাঁর দুই বিঘা জমির পুরোটাতেই আলুর চাষ করেছেন। এখন তাঁর গোটা জমিতেই নাভিধসা রোগ থাবা বসিয়েছে।
উপজেলার মীরেরচক গ্রামের আলুচাষি সাইদুর রহমান (৩৮) বলেন, প্রচণ্ড রোদ, তারপরই আবারও ঘন কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টির কারণে এবার আলুর গাছে ‘শীতকাটা’ রোগ ধরেছে। ওষুধ ছিটিয়েও কোনো ফল পাচ্ছেন না। এই অবস্থার উন্নতি না হলে তাঁর কষ্টে চাষ করা আলুখেত পুরোটাই মার খাবে।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, ‘আমরা চাষিদের সঙ্গে যোগাযোগ রাখছি। আবহাওয়া প্রতিকূলতায় সমস্যা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব রকম চেষ্টা করছি।’