আলুখেতে ভাইরাস, কীটনাশক ব্যবহারেও সুফল মিলছে না
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আলুখেতে ভাইরাস আক্রমণ করেছে। কীটনাশক ব্যবহার করেও কৃষকেরা সুফল পাচ্ছেন না।
গতকাল শনিবার উপজেলার খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া, মাইজপাড়া, লামারপাড়া, উপরপাড়া ও কালিয়াইশ ইউনিয়নের ফকিরপাড়া, মাইঙ্গাপাড়া ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে আলুখেত। বিভিন্ন খেতে আলুগাছের পাতা কুঁচকে যাচ্ছে। কোনো খেতে অধিকাংশ গাছের পাতা কোঁকড়ানো। এ সময় কৃষকদের বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে দেখা যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, এ বছর সাতকানিয়া উপজেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। কয়েকটি গ্রামের কিছু আলুখেত সম্প্রতি ভাইরাস-আক্রান্ত হয়েছে। স্থানীয়ভাবে উৎপন্ন বীজের মাধ্যমে আলুগাছে ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাসের আক্রমণের কারণে গাছের পাতা হলদে হয়ে কুঁচকে যাচ্ছে।
খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া গ্রামের কৃষক শামসুল আলম, আবদুল আজিম এবং কালিয়াইশ ইউনিয়নের ফকিরপাড়ার মো. নুরুন্নবী বলেন, স্থানীয় বীজ ব্যবসায়ীদের কাছ থেকে তাঁরা আলুর বীজ সংগ্রহ করেছিলেন। এক সপ্তাহ আগে থেকে আলুখেতে গাছের পাতা কুঁচকে যাচ্ছে। ওষুধ ব্যবসায়ীদের পরামর্শে তাঁরা আলুখেতে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে কোনো প্রতিকার পাচ্ছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত আলুর বীজগুলো ভাইরাসে আক্রান্ত ছিল। ওই বীজগুলো বপনের পর গাছের চারাগুলোতেও ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে গাছের পাতা কুঁচকে যাচ্ছে। তা ছাড়া জাব পোকার মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে।
শোয়েব মাহমুদ আরও বলেন, ‘আমরা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। ভাইরাস-আক্রান্ত গাছগুলো উপড়ে দূরে পুঁতে ফেলতে বলেছি। তা ছাড়া কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী ভালো মানের কীটনাশক ব্যবহার করতে বলা হচ্ছে।’