আলুখেতে 'লেট ব্লাইট' চাষিরা শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন তাপমাত্রা ও ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে আলুখেতে ছত্রাকজনিত রোগ ‘লেট ব্লাইট’ (নাবি ধসা) দেখা দিয়েছে। এতে প্রতিদিন নতুন নতুন আলুখেত আক্রান্ত হচ্ছে। এ কারণে আলুচাষিরা শঙ্কিত হয়ে পড়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ২১ হাজার ৮০০ হেক্টর জমি আলু চাষের আওতায় আনা হলেও আবাদ হয়েছে ২৩ হাজার ৮০ হেক্টর। এ বছর মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৩৭০ টন।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার সালন্দর, কৃষ্টপুর, শিংপাড়া, ভূল্লী, বরুনাগাঁও, ইয়াকুবপুর, আকচা, চামেশ্বরী, নারগুন গ্রামের অনেক আলুখেত লেট ব্লাইট রোগে আক্রান্ত হয়েছে। কৃষকেরা খেতের আলু রক্ষায় ছত্রাকনাশক ছিটাচ্ছেন। শিংপাড়া গ্রামের আলুচাষি ইসমাইল হোসেন (৪০) বলেন, ‘৬০ হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে আলু আবাদ করেছি। এর মধ্যে এক বিঘা খেতে লেট ব্লাইট রোগ দেখা দিয়েছে। প্রথমে আক্রান্ত গাছের পাতা ঝলসে যায়, পরে গাছ মারা যাচ্ছে। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ থেকে আলু রক্ষা করতে কৃষি কার্যালয়ের পরামর্শ অনুযায়ী নিয়মিত ছত্রাকনাশক ছিটিয়ে যাচ্ছি। কিন্তু বাজারে যেসব ছত্রাকনাশক পাওয়া যাচ্ছে, সেসব ভেজাল কি না, তা নিয়ে আমাদের সন্দেহ দেখা দিয়েছে। এসব কীটনাশক ছিটিয়েও খুব একটা ফল পাচ্ছি না।’
সালন্দরের আলুচাষি কামাল হোসেন জানান, তিনি তিন বিঘা জমিতে আলু আবাদ করেছেন। কয়েক দিন আগেও খেতের আলুগাছ ভালো ছিল, কিন্তু গত সোমবারে আলুখেতের এক পাশের কয়েকটি গাছের পাতা ঝলসে যায়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইয়াকুবপুর গ্রামের আমজাদ আলী জানান, তিনি চার বিঘা জমিতে আলু আবাদ করছেন। ঘন কুয়াশা থেকে আলুখেত রক্ষার জন্য অতিরিক্ত ছত্রাকনাশক ছিটানোর কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ফলে আলু উৎপাদনে লাভ কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আরশেদ আলী বলেন, ঘন কুয়াশা, হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি, শৈত্যপ্রবাহ ও মেঘাচ্ছন্ন আকাশ আলুখেতে এ রোগ আক্রান্ত হতে সহায়ক হিসেবে কাজ করে। শুরুতে রোগ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া না হলে গাছের পাতা ঝলসে গিয়ে কালচে রং ধারণ করে। এরপর আক্রান্ত গাছ দ্রুত মারা গিয়ে পুরো খেতে এ রোগ ছড়িয়ে দেয়। এ রোগ প্রতিরোধের জন্য শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সময় কৃষকদের ২ গ্রাম মেনকোজেব অথবা মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক ওষুধ এক লিটার পানির সঙ্গে মিশিয়ে আলুখেতে নিয়মিত ছিটাতে পরামর্শ দেওয়া হচ্ছে। আশঙ্কার কোনো কারণ নেই, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।