আলুখেতে 'লেট ব্লাইট' বিপাকে কৃষক
বৃষ্টির পর হঠাৎ রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলুখেতে ‘লেট ব্লাইট’ (পচন রোগ) দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন আলুচাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় নয় হাজার একর জমিতে আলুর চাষ হয়। গত বছর আলু বিক্রি করে লাভ বেশি হওয়ায় অনেক চাষি এ বছর বেশি জমিতে আলুর চাষ করেছেন। কিন্তু এক সপ্তাহ আগে বৃষ্টির পর খেতে হঠাৎ লেট ব্লাইট দেখা দেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।
গতকাল শুক্রবার কথা হয় ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমি দুই একর জমিতে নমলা আলুর চাষ করেছি। এর মধ্যে এক বিঘা জমিতে কার্ডিনাল লাল জাতের আলু লাগিয়েছি। ওই এক বিঘা কার্ডিনাল জাতের আলু বীজ করার কথা ছিল, কিন্তু খেতে লেট ব্লাইট দেখা দিয়েছে। দিন দিন বাড়ছে এ রোগের প্রকোপ।
ফকিরপাড়া গ্রামের কৃষক তারাজুল ইসলাম বলেন, ‘২৫ দিন আগত আলু লাগাইছি। আলুর গাছগুলা দেখি মনে হছিল, এইবার বুঝি ফলন ভালো হইবে। কিন্তুক আকাশের পানির পর হঠাৎ কেনে বা গাছগুলার পাতা পচি যাওছে। ঔষুধ দিয়াও কাম হয়ছে না।’
গতকাল সরেজমিনে দেখা যায়, ডাঙ্গাপাড়া গ্রামের আলুচাষি মনিরুল ইসলামের জমিতে ছত্রাকনাশক ওষুধ ছেটাচ্ছেন দিনমজুরেরা। খেতের আইলে দাঁড়িয়ে আছেন মনিরুল। এ সময় তিনি বলেন, ‘বৃষ্টির পর খেতে লেট ব্লাইট দেখা দিয়েছে। এ রোগ ঠেকাতে কৃষি বিভাগের পরামর্শে আলুখেতে ছত্রাকনাশক ওষুধ ছেটানো হচ্ছে।’ চেয়ারম্যানপাড়া গ্রামের কৃষক আমিনুর ইসলাম বলেন, এক সপ্তাহ আগে বৃষ্টির পর আলুখেতে পচন রোগ লেট ব্লাইট দেখা দিয়েছে। এ রোগের কারণে আলুগাছ মরে যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগের বিস্তার ঠেকাতে কৃষকদের ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। খেতে ছত্রাকনাশক ওষুধ ছেটানো হলে এ রোগ থাকবে না।