আলুখেতে 'লেট ব্লাইট' বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের শৈত্যপ্রবাহে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আলুখেতে ‘লেট ব্লাইট’ (পচন রোগ) দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন এ অঞ্চলের আলুচাষিরা। ফলে চলতি মৌসুমে আলু উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর ২ হাজার ২৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলেও এ মাসে হঠাৎ করে তাপমাত্রা নিচে নেমে যাওয়ায় শীত ও ঘন কুয়াশায় কোনো কোনো স্থানে আলুখেতে লেট ব্লাইট দেখা দিয়েছে। কৃষি বিভাগ থেকে চাষিদের ছত্রাকনাশক ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষি কার্যালয়ের পরামর্শে চাষিরা স্বচ্ছ পলিথিনে বীজতলা ঢেকে রাখছেন ও মাঝেমধ্যে পানি প্রবেশ করিয়ে বীজতলা সতেজ রাখছেন।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আলু ও বীজতলা এই ঠান্ডা ও রোগবালাইয়ের কবল থেকে রক্ষা করতে চাষিরা কীটনাশক স্প্রে করছেন।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ার কৃষক আমিমুল রেহশান বলেন, তিনি এ বছর প্রায় সাড়ে তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। তাঁর আলুখেতে পচন ও পাতা কোঁকড়ানো রোগ দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। একের পর এক বালাইনাশক ব্যবহার করছেন। এতে তাঁকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার কৃষক নেজাম উদ্দিন বলেন, আলুখেতে ছত্রাকজাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাঠপর্যায়ের কৃষি বিভাগের লোকজন না আসায় কীটনাশক বিক্রেতার পরামর্শে ওষুধ স্প্রে করছেন। তবে এ কারণে চলতি মৌসুমে আলু উৎপাদন ব্যাহত হতে পারে।
এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল বলেন, গতবার ভালো দাম পাওয়ায় এবার চাষিরা আলু আবাদে ঝুঁকে পড়েছেন। প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে কিছু কিছু এলাকায় লেট ব্লাইট দেখা দিয়েছে। তবে তা নিয়ন্ত্রণে রয়েছে।