আলুখেতে 'লেট ব্লাইট' রোগ বিপাকে কৃষক
ঘন কুয়াশার কারণে নীলফামারীতে আলুখেতে পচন রোগ ‘লেট ব্লাইট’ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন আলুচাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
গত মঙ্গলবার জেলা সদরের টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামে কথা হয় আলুচাষি খালেকুজ্জামানের (৪০) সঙ্গে। তিনি বলেন, ‘আমি এক বিঘা জমিতে কারেজ জাতের নমলা আলু লাগিয়েছি। ওই আলু বীজ করার কথা ছিল, কিন্তু কয়েক দিনের কুয়াশায় গাছ মরে যাচ্ছে। সময়মতো ছত্রাকনাশক ওষুধ না ছিটানোর জন্য এ অবস্থা হয়েছে।’ এ সময় একই গ্রামের মাহাতাব উদ্দিন বলেন, ‘আমি দেশি জাতের আলু এক বিঘা জমিতে চাষ করেছি, আলুর গাছের বয়স এখন ৫০ দিন। আরও ২০ দিন পর আলু ওঠানো যেত। কিন্তু ঘন কুয়াশায় গাছ মরে যাচ্ছে। এখন ওষুধ দিয়েও গাছ বাঁচানো যাবে না, তাই আশা ছেড়ে দিয়েছি। এখন যা পাওয়া যায়, তা তুলে নিতে হবে।’
এ ছাড়া ওই দিন (মঙ্গলবার) একই (টুপামারী) ইউনিয়নের পুলিশ লাইন এলাকায় গিয়ে দেখা যায়, আলুচাষি আবদুল জব্বার জমিতে ছত্রাকনাশক ওষুধ ছিটাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আমি দুই বিঘা জমিতে কারেজ জাতের আলু লাগিয়েছি। কয়েক দিনের কুয়াশায় পাতা পচে যাচ্ছে। পচন রোগ ঠেকাতে কৃষি বিভাগের পরামর্শে আলুখেতে ছত্রাকনাশক ওষুধ ছিটানো হচ্ছে।’
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা বলেন, এ বছর জেলায় ২২ হাজার ৬০৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ২২ হাজার ৮১০ হেক্টর জমিতে। এর মধ্যে আগাম জাতের সাড়ে ১১ হাজার হেক্টর জমির আলু ইতিমধ্যে কৃষক ঘরে তুলেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ইদ্রিস আলী বলেন, ঘন কুয়াশায় পচন রোগ ‘লেট ব্লাইট’ হতে পারে, তবে ছত্রাকনাশক ওষুধ ছিটালে তা হবে না। যাঁরা দুই-এক দিনের মধ্যে আলু তুলবেন, তাঁরা ওষুধ ছিটাচ্ছেন না। যাঁদের আলু তোলার সময় হয়নি, তাঁরা খেতে ছত্রাকনাশক ওষুধ ছিটাচ্ছেন। এ ছাড়া আবহাওয়া ভালো হলে সমস্যা এমনিতেই থাকবে না। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।