আলুচাষি ও হিমাগার মালিকদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার আলুচাষি ও হিমাগারের মালিকদের মুখে অবশেষে হাসি ফুটেছে। দাম বেড়ে যাওয়ায় হিমাগারগুলো থেকে আলু বের করার হিড়িক পড়ে গেছে। চলতি মৌসুমে আগাম জাতের আলু গত কয়েক দিন আগের বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাওয়ায় বাজারে আলুর দাম বেড়ে গেছে বলে চাষি ও ব্যবসায়ীরা জানিয়েছেন।
হিমাগার সূত্রে জানা গেছে, বদরগঞ্জ ও তারাগঞ্জের ছয়টি হিমাগারে ১৫ দিন আগেও প্রায় ছয় লাখ বস্তা আলু পড়ে ছিল। তখন বাজারে গ্রানুলা ও কার্ডিনাল জাতের আলুর বস্তাপ্রতি (৮৪ কেজি) দাম ছিল ৩০০-৩৫০ টাকা। অনেক চাষি আলু রেখে হিমাগার থেকে ঋণ নিয়েছিলেন। লোকসানের ভয়ে চাষিরা হিমাগারের ধারেকাছেও যেতেন না। কিন্তু ১৫ দিনে আলুর দাম ক্রমান্বয়ে বেড়ে যাওয়ায় চাষিরা হিমাগারগুলো থেকে আলু বের করতে শুরু করেছেন।
আলুর বাজার ঘুরে জানা গেছে, কার্ডিনাল, গ্রানুলাসহ অন্যান্য উচ্চ ফলনশীল জাতের আলু প্রতি বস্তা বর্তমানে বিক্রি হচ্ছে গড়ে প্রায় এক হাজার ২০০ টাকায়।
বদরগঞ্জের আলুচাষি স্বপন সরকার বলেন, প্রতি বস্তা আলুতে হিমাগারের ভাড়াসহ খরচ পড়েছে প্রায় ৯০০ টাকা। কিছুদিন আগে বাজারে এর দাম ছিল ৩৫০ টাকা। হিমাগারের লোকজনের চাপে আলু বের করার ভয়ে তিনি লুকিয়ে থাকতেন। এখন সেই আলু খরচ বাদ দিয়েও বস্তাপ্রতি লাভ হচ্ছে প্রায় ৩০০ টাকা। তিনি বলেন, গত তিন বছর আলু চাষ করে তাঁকে লোকসান গুণতে হয়েছে। এবার দেরিতে হলেও কিছুটা লাভবান হচ্ছেন তিনি।
তারাগঞ্জের ইকরচালি গ্রামের আলুচাষি দেলওয়ার হোসেন বলেন, তিন হাজার ২০০ বস্তা আলু হিমাগারে রেখেছিলেন তিনি। হিমাগারের পক্ষ থেকে আলু বের করার জন্য চূড়ান্ত চিঠি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু লোকসানের ভয়ে তিনি হিমাগার থেকে আলু তোলেননি। এ সুযোগে হিমাগার কর্তৃপক্ষ তাঁর ৫০০ বস্তা আলু ৩৫০ টাকা করে বিক্রি করে দেয়। এখন দাম বেড়ে যাওয়ায় বাকি আলুর বস্তাগুলো দুই দিন আগে তিনি বের করেন। ওই আলু বিক্রি করে খরচ বাদেও তাঁর লাভ হয়েছে।
তারাগঞ্জের এন এন হিমাগারের পরিচালক আনিছুর রহমান বলেন, তাঁর হিমাগারে রাখা দুই লাখ বস্তা আলুর বিপরীতে প্রায় দুই কোটি টাকা চাষিদের ঋণ দেওয়া হয়। চাষিরা হিমাগার থেকে আলু বের না করায় তাঁরা দুশ্চিন্তায় ছিলেন। এখন ঋণের টাকা উঠে এসেছে।
সিন্হা হিমাগারের ব্যবস্থাপক দুলাল হোসেন বলেন, ‘আমাদের হিমাগারে রাখা এক লাখ দুই হাজার বস্তা আলুচাষিরা বের না করায় আমরা তা নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছিলাম। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় চাষিরা হিমাগার থেকে তা বের করতে হুমড়ি খেয়ে পড়েছেন।’