আলুচাষিদের পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরে আলু আবাদ করে লোকসান দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। কিন্তু এবার চিত্র পাল্টেছে। বাজারে দাম বাড়ায় তাঁরা লাভের মুখ দেখছেন। আগে আলু সংরক্ষণের জন্য চাষিরা হিমাগারের মালিকদের পেছনে ঘুরেছেন। এখন হিমাগারের মালিকেরা আলু সংরক্ষণ করতে চাষিদের পেছনে ছুটছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে আলুর বাজারদর ভালো। ভালো দাম পেয়ে খেতেই আলু বিক্রি করে দিচ্ছেন অনেক চাষি। খেতেই আলু বিক্রি হয়ে গেলে হিমাগার খালি পড়ে থাকার আশঙ্কা থাকে। এমন হলে হিমাগার কর্তৃপক্ষের কোটি কোটি টাকা লোকসান হবে। তাই হিমাগারের মালিকেরা এখন আলুচাষিদের কাছে ধরনা দিচ্ছেন।
আলুচাষিরা জানান, গত মৌসুমে ঠাকুরগাঁওয়ে প্রতি কেজি গ্রানুলা জাতের আলু পাইকারি বাজারে দুই-আড়াই টাকা ও কার্ডিনাল জাতের আলু চার-পাঁচ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। চলতি মৌসুমে খেতেই প্রতি কেজি গ্রানুলা জাতের আলু চার-পাঁচ টাকা ও কার্ডিনাল জাতের আলু ৯-১০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম ভালো পেয়ে কৃষকেরা আলু সংরক্ষণ না করে সরাসরি খেতেই পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন।
হিমাগার খালি পড়ে থাকার আশঙ্কা থাকায় হিমাগার কর্তৃপক্ষ প্রতিযোগিতা করে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে দিয়েছে। গত বছর প্রতি বস্তা (৮৪ কেজিতে এক বস্তা) আলু হিমাগারে সংরক্ষণে তারা ভাড়া নিত ৩৬০ টাকা। আর চলতি বছর তারা ভাড়া নিচ্ছে ১৮০ থেকে ২৮০ টাকা। হিমাগার কর্তৃপক্ষ আলুচাষিদের বাড়ি বাড়ি গিয়ে আলু সংরক্ষণের খরচ কমানোর কথা জানাচ্ছে। পাশাপাশি তারা কৃষকদের হিমাগারে আলু সংরক্ষণের বিপরীতে সহজ শর্তে ঋণ দেওয়ার অঙ্গীকার করছে।
সদর উপজেলার ফাঁড়াবাড়ি গ্রামের আলুচাষি জয়নাল আবেদিন জানান, দুই বছর আগে হিমাগারে আলু রাখার জন্য ধরনা দিয়েও আগাম স্লিপ জোগাড় করতে না পেরে উৎপাদিত আলু লোকসানে বিক্রি করে দিতে বাধ্য হন। কিন্তু এবার বাজারে আলুর দাম বেশ ভালো। পাশাপাশি হিমাগার কর্তৃপক্ষ আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে দিয়েছে।
কাদের হিমাগারের ব্যবস্থাপক রুহুল আমীন বলেন, ‘এবার মালিক সমিতির পক্ষ থেকে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ২৭০ টাকা বেঁধে দেওয়া হয়েছে। এর পরও হিমাগার কর্তৃপক্ষ চাষিদের উদ্বুদ্ধ করতে দরাদরি করে ভাড়া রাখছে। আমরাও ভাড়া কিছুটা কম রাখছি।’
ইজাব গ্রুপের মহাব্যবস্থাপক নুরুল হুদা জানান, চলতি বছর বৃহত্তর দিনাজপুর অঞ্চলে ২৫ ভাগ আলু উৎপাদন কম হয়েছে। সেই তুলনায় হিমাগার বেশি থাকায় জেলার সব হিমাগারের মালিকেরা আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে দিয়েছেন। তাঁরাও প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া গত বছর ৩৬০ টাকা নিয়েছেন। এবার ২৮০ টাকা নিচ্ছেন। হিমাগার ব্যবসায় লোকসান কমিয়ে আনতে হিমাগারের মালিকেরা শুধু ভাড়া কম নয়, নানা কৌশল হাতে নিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২১ হাজার ১৮৩ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধারা হয়েছে ৪ লাখ ১৩ হাজার ৭২৮ মেট্রিক টন। আলু সংরক্ষণের জন্য জেলায় ১৪টি হিমাগার রয়েছে। সেখানে প্রায় ১ লাখ ৩২ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণের সুবিধা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক ভূপেশ কুমার মণ্ডল জানান, গত মৌসুমে ন্যায্যমূল্য না পেলেও এবার চাষিরা আলুর দাম ভালো পাচ্ছেন। পাশাপাশি হিমাগার কর্তৃপক্ষও ভাড়া কমিয়ে দিয়ে হিমাগারে আলু সংরক্ষণের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে। এতে কৃষকেরা দুই দিক দিয়ে লাভবান হচ্ছেন।