আলুচাষিদের রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবি
উত্তরবঙ্গসহ সারা দেশে আলুচাষিদের সমস্যা সমাধানে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বিভিন্ন বাম দল ও সামাজিক সংগঠন।
আটটি বাম সংগঠনের জোট গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, আলুচাষিরা নামমাত্র মূল্যে পণ্য বিক্রি করতে বাধ্য হয়ে সর্বস্বান্ত হচ্ছেন। যেখানে ঢাকাসহ বিভিন্ন শহরে লোকে ১০ থেকে ১২ টাকা দরে আলু কিনছে সেখানে ‘সরকারের অবহেলার কারণে’ কৃষকেরা এক থেকে দুই টাকা দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ সরকারি হিসাবেই এক কেজি আলু উৎপাদনে খরচ হয় সাত টাকা।
এদিকে আলুর লাভজনক মূল্য নিশ্চিত করা এবং চাষিদের স্বার্থরক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে নাগরিক সংহতি, সামাজিক সংগঠন প্রাণ এবং ‘জলবায়ু, কৃষি ও পানিবিষয়ক দক্ষিণ এশিয়া যুবজোট’। সমাবেশে বক্তারা বলেন, আলুচাষিদের সমস্যা সমাধানে এখনই ব্যবস্থা না নিলে ভয়াবহ সংকট তৈরি হবে। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন অধ্যাপক এম এম আকাশ, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গণফোরাম নেতা মশিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।