আলুচাষিদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় গতকাল মঙ্গলবার জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মান নিরূপণ ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় আলুচাষিদের প্রশিক্ষণ ও সমাবেশ হয়েছে। বিএডিসির ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামার প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল দিনব্যাপী ওই প্রশিক্ষণ ও সমাবেশ হয়। এতে বগুড়া, ঠাকুরগাঁও ও রংপুরের ৩৫০ জন আলুচাষি অংশ নেন।

 সভাপতিত্ব করেন খামারের উপপরিচালক এনামুল হক। প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসিরুজ্জামান। উপস্থিত ছিলেন বিএডিসির পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ) নুর মোহাম্মদ মণ্ডল, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মান নিরূপণ ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম, বিএডিসির রংপুরের উপপরিচালক নির্ম্মাল্য কুমার দাস প্রমুখ।

রেজাউল করিম বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে টিস্যু কালচার প্রযুক্তির বীজ আলু উৎপাদন, বীজ আলু সংগ্রহ ও সংরক্ষণ প্রযুক্তি, বীজ আলুর রোগবালাই ও পোকামাকড় শনাক্তকরণ ও দমন বিষয়ে কৃষকদের জানানো হয়েছে। নেদারল্যান্ডস থেকে প্রতি কেজি আলুবীজ ১৬০ টাকা কেজি দরে আমদানি করতাম। এখন দেশে ওই বীজের চেয়ে বেশি মানসম্মত বীজ আমরা টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করছি। প্রতি কেজি আলু বীজের উৎপাদন খরচ হচ্ছে ৬০ টাকা। আমরা প্রতিবছর এক লাখ টন আলু রপ্তানি করতে পারছি।’