আলুটিলায় বিশেষ পর্যটন অঞ্চল প্রকল্প বাতিলের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির ‘আলুটিলা বিশেষ পর্যটন জোন’ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার বান্দরবানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, প্রকল্পটি বাতিলের সিদ্ধান্তের কথা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে বিষয়টি তাদের লিখিতভাবে জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলুটিলায় বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কাজে জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো হয়। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে সেখানকার কাউকে উচ্ছেদ করা হতো না। বরং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এলাকার লোকজন না চাইলে প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান বলেন, প্রকল্পের জন্য মাটিরাঙ্গা ও খাগড়াছড়ি সদর উপজেলার তিনটি মৌজার ৬৯৯ দশমিক ৯৮ একর জমি অধিগ্রহণের জন্য জরিপ করা হয়। কিন্তু পাহাড়িরা জমি অধিগ্রহণ ও প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। পাহাড়িদের আশঙ্কা, প্রকল্প বাস্তবায়ন হলে বংশপরম্পরায় বসবাস করে আসা ভূমি থেকে তাঁদের উচ্ছেদ করা হবে।