আলুবীজ বন্ধক রেখে ঋণ, হিমাগারের সামনে বিক্ষোভ
নীলফামারীতে ভাড়া পরিশোধ করার পরও হিমাগারে রাখা আলুবীজ তুলতে না পেরে কৃষকেরা বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সদর উপজেলার চাঁদের হাট গ্রামে ‘অঙ্কুর সিড হিমাগার লিমিটেড’ ঘেরাও করে তাঁরা ওই বিক্ষোভ করেন।
হিমাগার কর্তৃপক্ষের দাবি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী শাখা থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তারা (ব্যাংক) হিমাগারের তালা খুলছে না। ওই ব্যাংকের নীলফামারী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, গতকাল হিমাগার কর্তৃপক্ষ ওই ঋণের বিপরীতে ৪৫ লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে। এখন হিমাগার কর্তৃপক্ষকে সমপরিমাণ টাকার আলুর বস্তা বের করে দেওয়া হবে।
গতকাল দুপুরে ওই হিমাগারে গিয়ে দেখা যায়, দূরদূরান্ত থেকে আসা কৃষকেরা হিমাগারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। প্রত্যেকের হাতে ভাড়া পরিশোধের একটি করে রসিদ দেখা যায়। এ সময় সদরের কচুকাটা গ্রামের কৃষক আপন কুমার সরকার বলেন, এখানে তিনি তিন বস্তা বীজ আলু রেখেছেন। সাত দিন আগে প্রতি বস্তা ৩৬০ টাকা হিসাবে ১ হাজার ৮০ টাকা পরিশোধ করেছেন। দুই দিন এসে তুলতে পারেননি। আজ বীজ দেওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ বলছে, ঋণের জন্য ব্যাংক হিমাগারের তালা খুলছে না।