আলুবোঝাই ট্রাক ছিনতাই, দুই ঘণ্টার মাথায় উদ্ধার
বগুড়া থেকে আলুবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের দুই ঘণ্টার মাথায় পুলিশ সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে সেটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাতে ট্রাকটি ছিনতাই হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট এলাকার মানিক হোসেন ও শেখ মুজিবর রহমান নামের দুই ব্যবসায়ীর সাড়ে ১৫ মেট্রিক টন আলু নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটি ফেনী কাঁচা বাজারের উদ্দেশে রওনা দেয়। পথে চরবাখড়া সেতু পার হওয়ার পর ছিনতাইকারীরা সড়কে গাছ ফেলে ট্রাকটির গতি রোধ করে। তারা চালক ও সহকারীর হাত-পা বেঁধে ফেলে রেখে ট্রাকটি নিয়ে যায়। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী শেখ মুজিবর রহমান বিষয়টি মুঠোফোনে বগুড়ার পুলিশ সুপারকে জানান। পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ছিনতাইয়ের খবর পেয়ে ট্রাকটি আটকের জন্য জেলার সব থানা পুলিশকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়। সিরাজগঞ্জের চান্দাইকোনা বাজার থেকে রায়গঞ্জ থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।