আলুব্দীর বেদনায় সন্তুষ্টির পরশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগ কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছেন—টেলিভিশনে এ খবর প্রচারের সঙ্গে সঙ্গে আলুব্দী (আলোকদী) গ্রামে ৪২ বছর ধরে পুষে থাকা বেদনায় যেন সন্তুষ্টির পরশ ছুঁয়ে গেল। একাত্তরের সেই গ্রাম এখন শহরতলি। তরুণ ও কিশোরেরা সকাল সাড়ে ১০টার দিকে মিছিল বের করল। স্লোগান উঠল, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি হলো, কাদের মোল্লার ফাঁসি হলো’, ‘কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুত কার্যকর করো।’
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় শুনে কেঁদেছিলেন এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী শফিউদ্দিন মোল্লা। গতকাল মঙ্গলবার কর্মস্থলের উদ্দেশে বাসা থেকে বের হলে তাঁর সামনে পড়ে আপিলের রায় শুনে বের হওয়া মিছিলটি। স্লোগানে ফাঁসির খবর পেয়ে তাঁর সন্তুষ্টিভরা চোখ যেন স্মৃতিকাতর হয়ে ওঠে।
ঢাকার মিরপুরের আলুব্দী গ্রামে একাত্তরের ২৪ এপ্রিল পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের নির্মম গণহত্যার শিকার হয়েছিলেন ৩৪৪ জন। তাঁদের মধ্যে ছিলেন শফিউদ্দিনের চাচা নবীউল্লাহ মোল্লা ও চাচাতো ভাই বিষু মোল্লা। ওই গণহত্যায় পাকিস্তানি সেনাদের প্রধান সহযোগী কাদের মোল্লাকে নিজ চোখে দেখেছিলেন উল্লেখ করে শফিউদ্দিন বলেন, ‘এত দিন পর সত্যের জয় হলো। আলুব্দী গ্রামের মানুষের, দেশের সব মানুষের জয় হলো।’
রায়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবধানী কণ্ঠে গ্রামের রবি ব্যাপারী বলেন, ‘যত দ্রুত সম্ভব ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমি ওই কসাই কাদেরের ফাঁসি হয়েছে এই সংবাদ শুনতে চাই। একাত্তরে কাদের মোল্লা গ্রামের মানুষকে ধরে ধরে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছেন।’
সকাল থেকেই আলুব্দীর দোকান, বাজার থেকে শুরু করে সর্বত্র আলোচনা ছিল কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায় নিয়ে। ওই গণহত্যার অনেক প্রত্যক্ষদর্শী আছেন। গ্রামের অনেকে সেদিন স্বজন হারিয়েছেন। তাই গ্রামের অনেকে বললেন, এ রায় গ্রামবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাল।