আলুর কেজি ১২০ টাকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি কেজি নতুন আলুর দাম ১২০ থেকে ১৬০ টাকা। তবু বিক্রিতে ভাটা নেই। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে গতকাল মঙ্গলবার ছিল নবান্নের মেলা। এ কারণে চড়া দামেও অল্প সময়ের মধ্যেই বাজারের সব নতুন আলু বিক্রি হয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, এলাকায় এদিন নতুন শাকসবজি কিনে নতুন চালের ভাত খাওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। এ কারণে অন্য সব নতুন তরকারির মতো নতুন আলুর চাহিদাও বেশি। তবে দাম বেশি হওয়ায় কেউ কিনেছেন ১০০ গ্রাম, আবার কেউ কিনেছেন ২৫০ গ্রাম করে।
সবজি বিক্রেতা মকবুল হোসেন জানান, তাঁর কাছে ১৪ কেজি আলু ছিল। সে আলুই ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। ক্রেতা প্রভাত চন্দ্র বলেন, ‘আজকের দিনে নতুন আলু লাগবেই। দাম বিষয় না। আমি ৩০ টাকায় ২৫০ গ্রাম আলু কিনেছি।’