আলুর কেজি ৩ টাকা!
দিনাজপুরে আলুর বাম্পার ফলন হলেও হিমাগারে সংরক্ষণের অভাবে লোকসান গুনতে হবে বলে কৃষকদের শঙ্কা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৪০ হাজার ৩৪৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎ পাদনের লক্ষ্যমাত্রা ৭ লাখ ছয় হাজার ৩৭ মেট্রিক টন। এখানে হিমাগার নয়টি। এগুলোতে ধারণক্ষমতা ৬৫ হাজার মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক সেকেন্দার আলী জানান, গত বছরের মতো এবারও জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাম কম থাকায় গত বছর আলুচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন। এবারও যদি তেমন অবস্থা হয়, তাহলে তাঁরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন।বীরগঞ্জ উপজেলার নওপাড়া গ্রামের কৃষক নোমান ফারুক জানান, তিনি ৩০ একর জমিতে আলু চাষ করেছেন। গত বছর আলুতে তাঁর লোকসান হয়েছিল পাঁচ লাখ টাকা। এবার অবস্থা আরও শোচনীয় হবে বলে তাঁর আশঙ্কা। তিনি বলেন, এক হাজার ২০০ বস্তা বীজ-আলু হিমাগারে রাখতে হবে। কিন্তু ব্যবসায়ীরা হিমাগারগুলোতে আলু রাখার আগাম সব স্লিপ কিনে নিয়েছেন। দালাল ধরে বস্তাপ্রতি ২০ টাকা ঘুষ দিয়ে ২০০ বস্তার স্লিপ জোগাড় করতে পেরেছেন। হিমাগারে তাঁর আরও আলু রাখতে হবে। তা নিয়ে তিনি চিন্তিত। একই এলাকার কৃষক গোলাম মোস্তফা জানান, তাঁর জমিতে অন্তত চার হাজার বস্তা আলু হবে। প্রতি কেজি আলু উৎ পাদনে খরচ হয়েছে ছয় টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি আলু আড়াই থেকে তিন টাকায় বিক্রি হচ্ছে। হিমাগারে জায়গা নেই। তাই আলু বিক্রি করে দেওয়া ছাড়া উপায় নেই। সদর উপজেলার ভাটিনা গ্রামের রেজাউল ইসলাম, আইনুল হক, আবুল হাশেমসহ অনেক কৃষক বলেন, গত বছরের মতো এবারও যদি আশানুরূপ দাম না পাওয়া যায়, তাহলে কৃষকেরা আলু চাষে আগ্রহী হবেন না। তাঁরা জানান, গত বছর হিমাগারে প্রতি বস্তা আলুর ভাড়া ছিল ২০০ টাকা, যা এবার ৩০০ টাকা। দিনাজপুর শহরের বাহাদুর বাজারের কাঁচামাল আড়তদার সমবায় সমিতির সভাপতি লিয়াকত আলী গত বৃহস্পতিবার বলেন, বাজারে অন্তত ২০০ আলু ব্যবসায়ী আছেন। হিমাগারের মালিকেরা আগে ব্যবসায়ীদের আলু রাখতে সামান্য সুদে ঋণও দিতেন। কিন্তু এখন হিমাগারে জায়গাই পাওয়া যাচ্ছে না। বাহাদুর বাজারের আলু ব্যবসায়ী মোশাররফ মোল্লা জানান, প্রতিবছর তিনি হিমাগারে দুই থেকে তিন হাজার বস্তা আলু রাখেন। কিন্তু এবার মাত্র ২০০ বস্তা আলু রাখার স্লিপ পেয়েছেন। হিমাগারের মালিকেরা গত বছরের চেয়ে প্রতি বস্তা আলুর ভাড়া কৃষক পর্যায়ে ১০০ এবং ব্যবসায়ী পর্যায়ে ৮০ টাকা বাড়িয়েছেন। আর আলুর বুকিং স্লিপ চাইলে তাঁরা বলছেন, জায়গা নেই। দিনাজপুর শহরের একটি হিমাগারের মালিক জর্জিস আনাম বলেন, তাঁর হিমাগারের ধারণক্ষমতা এক লাখ বস্তা। ইতিমধ্যে বুকিং শেষ হয়ে গেছে। গত বছরের চেয়ে ভাড়া বাড়ানোর কারণ হিসেবে তিনি বিদ্যুৎ বিল, শ্রমিকদের মজুরি এবং রক্ষণাবেক্ষণ খরচ বাড়ার কথা বলেন।