আলুখেতে 'অতিথি' নারী শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পান্না বেগমের অভাবের সংসার। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। তারা থাকে নেত্রকোনায়। রোজ স্কুলে যায়। কষ্ট করে হলেও তাদের লেখাপড়া চালিয়ে নিতে চান পান্না। স্বামীর একার আয়ে পুরো পরিবারের খরচ মেটে না। আর তাই কাজের খোঁজে তিনি চলে এসেছেন মুন্সিগঞ্জে। শ্রমিক হিসেব টঙ্গিবাড়ী উপজেলার আলুখেতে কাজ করছেন। পান্না বেগম বললেন, ‘এলাকায় কাজ নেই। ছেলেমেয়েকে লেখাপড়া শেখাতে হবে। তাই চলে এসেছি মুন্সিগঞ্জে। কাজ করছি আলুখেতে।’

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা প্রথম আলোকে বলেন, মুন্সিগঞ্জে এখন আলুর মৌসুম। হাজার হাজার নারী-পুরুষ আলুখেতে শ্রমিক হিসেবে কাজ করছেন। এঁদের মধ্যে কয়েক হাজার নারী এসেছেন বাইরের জেলা থেকে।

জেলার কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ূন কবির প্রথম আলোকে জানালেন, মুন্সিগঞ্জের ছয়টি উপজেলায় আলুশ্রমিক আছেন ১ লাখ ২০ হাজার। এর মধ্যে নারী শ্রমিক আছেন ২০ থেকে ২৫ হাজার।

স্থানীয় চাষিদের সঙ্গে আলাপ করে জানা গেল, মুন্সিগঞ্জে কাজ করতে আসা শ্রমিকেরা মূলত নেত্রকোনা, রংপুর, জামালপুর, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিলেট ও সুনামগঞ্জ থেকে এসেছেন। সংখ্যার হিসেবে ময়মনসিংহ ও জামালপুর থেকে বেশিসংখ্যক শ্রমিক বর্তমানে মুন্সিগঞ্জে কাজ করছেন।

এই তিন নারী শ্রমিক কাজ করছেন টঙ্গিবাড়ী উপজেলার খোলাগাঁওয়ে। এসেছেন নেত্রকোনা জেলা থেকে ছবি: আসাদুজ্জামান
এই তিন নারী শ্রমিক কাজ করছেন টঙ্গিবাড়ী উপজেলার খোলাগাঁওয়ে। এসেছেন নেত্রকোনা জেলা থেকে ছবি: আসাদুজ্জামান

সরেজমিন ৮ জানুয়ারি সিরাজদিখানের তাজপুরে আলুখেতগুলোতে গিয়ে দেখা যায়, জাহাঙ্গীর নামের এক আলুচাষির খেতে ২০ জন নারী শ্রমিক একসঙ্গে কাজ করছিলেন। তাঁরা খেতের ঘাস নিড়াচ্ছিলেন। এই নারী শ্রমিকদের একজন আম্বিয়া। এসেছেন জামালপুর থেকে। তিনি বললেন, তাঁর মতো বহু নারী এখন বিক্রমপুরে (মুন্সিগঞ্জে) আলুখেতে কাজ করছেন।

মুন্সিগঞ্জের আলুচাষিরা জানালেন, আলু চাষ শুরু হয়েছে অগ্রহায়ণে। খেত প্রস্তুত করা, আলু রোপণ, পানি সেচ, ঘাস নিড়ানো ইত্যাদি সব কাজই সাধারণত বাইরের শ্রমিকেরা করে থাকেন। সব মিলিয়ে চার মাসের কাজ। আলু চাষ শুরু হওয়ার আগে আগে হাজার হাজার শ্রমিক বাইরের জেলা থেকে মুন্সিগঞ্জে এসেছেন। ফসল ঘরে না ওঠা পর্যন্ত তাঁরা জেলায় ভাড়া করা বাসায় বসবাস করছেন। ফসল তুলে দিয়ে তাঁরা আবার চলে যাবেন যান নিজ জেলায়।

তাজপুরের আরেকটি একটি আলুখেতে কাজ করছিলেন জোহরা বেগম নামের এক নারী। তাঁর বয়স ৬৫ বছর। তিনি এসেছেন জামালপুর থেকে। তিনি বললেন, কাজ শুরু হয় সকাল সাতটায়। শেষ হয় দুইটায়। পারিশ্রমিক হিসেবে পান ২০০ টাকা। একই খেতে কাজ করছিলেন আরেক নারী মালেকা। তিনিও এসেছেন জামালপুর থেকে। তাঁর মনে অনেক ক্ষোভ। তিনি বললেন, ‘আমরা যে কাজ করি, পুরুষও সেই একই কাজ করে। অথচ আমরা নারীরা পাই ২০০ টাকা। ওঁরা (পুরুষ) পায় ৩০০ টাকা।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানের আলুর খেতে কাজ করছেন নারী শ্রমিকেরা। এঁরা এসেছেন জামালপুর থেকে। ছবি: আসাদুজ্জামান
মুন্সিগঞ্জের সিরাজদিখানের আলুর খেতে কাজ করছেন নারী শ্রমিকেরা। এঁরা এসেছেন জামালপুর থেকে। ছবি: আসাদুজ্জামান

টঙ্গিবাড়ীর খোলা গাঁওয়ের একটি আলুখেতে কাজ করছিলেন চারজন নারী। তাঁরা এসেছেন নেত্রকোনা থেকে। এঁদের একজন রাজিয়া। এই নারী বললেন, স্বামী মারা গেছেন। ছেলেমেয়ের যার যার মতো সংসার হয়েছে। এলাকায় কাজের অভাব। তাই কাজ করতে এসেছেন মুন্সিগঞ্জে। নেত্রকোনার বহু নারী এখন মুন্সিগঞ্জে কাজ করছেন।

নারী শ্রমিকদের ভাষ্য, মুন্সিগঞ্জে কাজের পরিবেশ ভালো।

জেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বললেন, মুন্সিগঞ্জের অধিকাংশ লোক থাকেন বিদেশে। বড় বড় জমির মালিক থাকেন সব বিদেশে। স্থানীয় কোনো শ্রমিক নেই। প্রায় সব শ্রমিক এসেছেন উত্তরবঙ্গ থেকে। কর্মসংস্থানের জন্য এসব অঞ্চলের নারী-পুরুষ দলে দলে কাজ করতে এসেছেন। চাষির ঘরে আলু তুলে দিয়ে যে যার বাড়িতে চলে যাবেন।

সিরাজদিখানে আলুখেতে কাজ করেন, জামালপুরের এমন একজন নারী শ্রমিক বললেন, এর আগে তিনবার এসেছেন মুন্সিগঞ্জে কাজ করতে। তাঁর গ্রামের অনেক নারীও এসেছেন। আলু তুলে দিয়ে আবার জামালপুর চলে যাবেন।