আলুর চড়া দামে মুখে হাসি চাষি ও হিমাগারমালিকদের
দাম কম হওয়ায় হিমাগারগুলোতে গত তিন বছর আলু রেখে লোকসান হয়েছে রংপুরের চাষিদের। এতে হিমাগারের মালিকদেরও লোকসান হয়েছে। কিন্তু এবার দাম বেশি হওয়ায় সেই আলুচাষি ও হিমাগারের মালিকদের মুখে হাসি ফুটেছে।
বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজার গত বৃহস্পতিবার ঘুরে দেখা যায়, শীল জাতের প্রতি কেজি আলু খুচরা ৩০ টাকা ও অন্য জাতের আলু ১৮ থেকে ২৪ টাকায় বিক্রি হচ্ছে।
বদরগঞ্জ, তারাগঞ্জ ও কাউনিয়ার বিভিন্ন হাটবাজার ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অব্যাহত লোকসানের কারণে গত মৌসুমে চাষিরা আলু লাগাতে অনীহা দেখান। বীজ আলুরও কিছুটা সংকট ছিল। বিগত বছরগুলোতে লোকসান হওয়ায় মৌসুমের শুরুতে অনেক কৃষক জমিতেই আলু বিক্রি করে দেন। এ কারণে এবার বছরের শেষের দিকে বাজারে চাহিদা অনুযায়ী আলুর সরবরাহ কমে যাওয়ায় দাম তিন গুণ ছাড়িয়ে গেছে।
বদরগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামের আলুচাষি কৃষ্ণ রায় বলেন, প্রতি বস্তা শীল জাতের আলুতে এবার উৎপাদন, হিমাগার ভাড়াসহ খরচ পড়েছে প্রায় ৯০০ টাকা। এখন সেই আলু বর্তমানে বস্তাপ্রতি (৮৪ কেজি) বিক্রি হচ্ছে সর্বনিম্নœ২ হাজার ৩০০ টাকা। এতে খরচ বাদেও বস্তাপ্রতি লাভ হচ্ছে প্রায় ১ হাজার ৪০০ টাকা। তারাগঞ্জের ইকরচালি গ্রামের আলুচাষি রশিদুল ইসলাম বলেন, গত মৌসুমে তিনি ৫০০ বস্তা আলু হিমাগারে রেখেছিলেন। পাঁচ দিন আগে সেই আলু হিমাগারে রেখেই বস্তাপ্রতি এক হাজার টাকা লাভে বিক্রি করে দিয়েছেন। গত তিন বছর আলু আবাদ করে লোকসান হয়েছে। এবার তা পোষাইছে।
কাউনিয়ার তিস্তা এলাকার কৃষক ওমেদ আলী বলেন, ‘তিন বছর সাত বিঘা করি জমিত আলু নাগেয়া লাখ লাখ টাকা লস খাছি। গত বছর পাঁচ বিঘাত আলু নাগবার ইচ্ছা ছিল। কিন্তুক বীজ পাই নাই। তাই এক বিঘাত নাগাছি। এবার ফির দেকোছি আলুর বাজারোত আগুন নাগছে। দাম তিন গুণ বেশি।’ বদরগঞ্জ হাটের আলু ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, ‘যত দিন যাওচে, আলুর দাম তত বাড়োছে। তিন দিন আগে প্রতি কেজি আলু এখনকার দামের চেয়ে ৩-৪ টাকা কমে বিক্রি করেছি। মনে হচ্ছে, বাজার আরও চড়া হবে।’
তারাগঞ্জের এনএন হিমাগারের মালিক আনিছুর রহমান বলেন, ‘আলুর দাম এবার এত বাড়বে, তা স্বপ্নেও ভাবিনি। গত তিন বছর হিমাগারে রাখার পর কৃষক শেষ পর্যন্ত লোকসানের ভয়ে আলু বের করতে আসেননি। কতবার নোটিশ দিয়েছি, বাড়িতে লোক পাঠিয়েছি; কৃষকের দেখা মেলেনি। এতে বিগত কয়েক বছর কৃষকের মতো আমরাও হিমাগার চালিয়ে অনেক লোকসান গুনেছি। কিন্তু এবার বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরা সবাই খুশি।’
বদরগঞ্জ কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘গত তিন বছর আলুতে লোকসান গুনলেও গত মৌসুমে আলু চাষ করে কৃষকেরা ব্যাপক লাভবান হয়েছেন। এ কারণে এবার চাষিরা আলু লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন।’