আলুর দরপতনে বিপাকে চাষি ব্যবসায়ী হিমাগার মালিক
দাম কমে যাওয়ায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলুচাষি ও ব্যবসায়ীরা এবার হিমাগারে আলু রেখে ফেঁসে গেছেন। প্রতি বস্তা আলু বিক্রি করে তাঁদের ৫২৫ টাকা লোকসান গুনতে হচ্ছে। আলু ব্যবসায়ীরা জানান, শিবগঞ্জে ১২টি হিমাগার আছে। এসব হিমাগারে এলাকার চাষি ও ব্যবসায়ীরা এবার প্রায় ১৫ লাখ ৫০ হাজার বস্তা আলু সংরক্ষণ করেছেন। গত বছর ভালো দাম না পাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা তাঁদের পুঁজি খাটিয়ে হিমাগারগুলোতে আলু মজুদ করেন। জামুরহাট গ্রামের ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, চটের বস্তা, পরিবহন, শ্রমিক কমিশন ও হিমাগারের ভাড়া ধরে প্রতি বস্তা (৮৪ কেজি) আলুতে খরচ পড়েছে ৮৪৫ টাকা। সেই আলু এখন হিমাগার থেকে তুলে মাত্র ৩২০-৩৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে প্রতি বস্তায় লোকসান হচ্ছে ৫২৫ টাকা। সুরাইল গ্রামের আলু ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, তিনি ৮৪ কেজির আলুর বস্তা ৪২৫ টাকায় কিনেছিলেন। আলু বিক্রির বর্তমান সময়ে তিনি ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না। পরে অনেক কষ্টে এক ক্রেতার কাছে তিনি প্রতি বস্তা আলু ৩২০ টাকায় বিক্রি করেছেন। উপজেলার আফাকু হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহজাহান চৌধুরী জানান, দাম কমে যাওয়ায় যাঁরা হিমাগারে আলু সংরক্ষণ করেছিলেন, তাঁরা এখন আর হিমাগার থেকে আলু তুলতে আসছেন না। ১৫ নভেম্বরের মধ্যে হিমাগার ফাঁকা হওয়ার কথা। অথচ অর্ধেকের বেশি আলু ওই সময়ের পরও হিমাগারে থেকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।চাষি ও ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এবার সবজির ফলন ভালো হয়েছে। এতে আলুর চাহিদা কমে গেছে। এ কারণে বাজারে আলুর দাম কমে গেছে। উপজেলার আটমূল গ্রামের রাশেদ রহমান বলেন, ‘ধারদেনা করে তিন লাখ টাকা দিয়ে আলু কিনে হিমাগারে রেখেছিলাম। মনে করেছিলাম এখানে লাভ হবে, এখন দেখছি মূলধনই হারিয়ে গেছে। দেনা শোধ করব কী করে এ ভাবনায় রাতে ঘুম আসে না।’ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত মৌসুমে আলুর ফলন বাম্পার হয়েছিল। কৃষকের ঘরে এখনো আলু আছে। তাই বাজারে আলুর চাহিদা নেই। চাহিদার তুলনায় জোগান অনেক বেশি থাকায় দাম পড়ে গেছে।