আলুর দাম নেই, হতাশ চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে দাম কমে যাওয়ায় এবং হরতালের কারণে বিক্রি করতে না পারায় তাঁরা আলু নিয়ে বিপাকে পড়েছেন।গতকাল শুক্রবার তারাগঞ্জ হাটে আলু বিক্রি করতে এসেছিলেন উপজেলার অনন্তপুর গ্রামের কৃষক আফজাল হোসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষার পর আলু বিক্রি করতে না পেরে তিনি বলেন, ‘আরে বাহে, টাকা না দেন, এমনি নিয়া যাও। তা-ও আদা মাগনা দাম কন না।’ সরেজমিনে তারাগঞ্জ হাটের আলুর বাজারে দেখা যায়, হাটে আসা বেশির ভাগ আলু গ্রানোলা জাতের। লক্ষ্মীপুর গ্রামের কৃষক মমিনুল ইসলাম বলেন, ‘হামরা বাপু গরিব কৃষক। অল্প মাটিত সাদা গ্রানোলা আলু আবাদ করছি। আলু ভালোই হইচে, তাক বেচপার আলচি। পাঁচ ঘণ্টা ধরি হাটোত বসি আছি। কায়ো একবারো দামো করিল না। এখন আলু আনা-নেওয়া ভ্যান ভাড়া দিবার নাগবে ১৪০ টাকা।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জে তিন হাজার ৭০০ হেক্টর জমির মধ্যে এক হাজার ১২০ হেক্টর জমিতে সাদা গ্রানোলা জাতের আলুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। তবে আলু বিক্রি করে কৃষকদের উৎপাদন খরচ উঠছে না। উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ করা হয়েছে। হিমাগারের ভাড়া বাড়ানোয় অনেক কৃষক আলু বিক্রি করে দিচ্ছেন। এ কারণে আলুর বাজারে ধস নেমেছে।ক্ষেতলাল উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ দিন ধরে আলুর বাজারে ধস নেমেছে। এখন গ্রানোলা জাতের আলু ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি পাকরি, কার্ডিলাল, সাদা ডায়মন্ড জাতের আলু ২৮০ থেকে ৩২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এলাকার কৃষকেরা ৯০ ভাগ জমিতে গ্রানোলা জাতের আলু চাষ করেছেন। এ বছর প্রতি বিঘা জমিতে এ জাতের ৯০ থেকে ১১০ মণ পর্যন্ত আলুর ফলন হয়েছে।মুন্দাইল গ্রামের চাষি মাজহারুল ইসলাম বলেন, ‘আলুর ফলন বেশি হওয়ায় লোকসান হয়তো বা হবে না, কিন্তু ঘন ঘন হরতালের কারণে আলু বিক্রি করতে না পারায় আমরা আতঙ্কে আছি।’উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ক্ষেতলালে আট হাজার ৬৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৬২ হাজার ৩৫০ টন। আবহাওয়া ভালো থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন অনেক বেশি হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, হিমাগারগুলো আলু নিতে শুরু করলে আলুর দাম আরও বাড়বে। হরতালের কারণে বাজারে আলু বিক্রি বন্ধ থাকে। এতে কৃষকদের সমস্যা হয়।