আলুর ন্যায্যমূল্যের দাবিতে বগুড়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি উদ্যোগে তা সংরক্ষণের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। চাষিদের নিয়ে বগুড়া শহরের সাতমাথায় গতকাল বুধবার এ কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টায় এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন বাসদের সমন্বয়ক কৃষ্ণকমল, কৃষক শামছুল আলম, আবদুল হাই, জাহাঙ্গীর আলম ও ছাত্রনেতা শীতল সাহা। সমাবেশে বক্তারা বলেন, আলু চাষ করে কৃষকের উৎপাদন খরচই উঠছে না। কয়েক বছর ধরেই এ ঘটনা ঘটছে। সরকারি অব্যবস্থাপনা, হিমাগার মালিকদের কারসাজি আর ফড়িয়াদের কাছে আলুচাষিরা নিঃস্ব হয়ে পড়েছেন।
বক্তারা আরও বলেন, চাষিদের বাঁচাতে অচিরেই খরচের সঙ্গে ৩৫ শতাংশ মূল্য সহায়তা দিয়ে সরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে আলু ও সবজি কেনাসহ সরকারি উদ্যোগে বেশি করে হিমাগার নির্মাণ এবং আলু উৎপাদনশীল এলাকায় আলুভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে।