আলুর বাজার মন্দা, দিশেহারা চাষি
রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতী গ্রামের কৃষক আজমাল হোসেন গত মৌসুমে ৬০ শতাংশ জমিতে আলু চাষ করেছিলেন। সব মিলিয়ে তাঁর খরচ হয় ৪০ হাজার টাকা। তিনি ৬০ বস্তা আলু পান। বেশি দাম পাওয়ার আশায় তিনি এ আলু স্থানীয় একটি হিমাগারে রাখেন। বস্তাপ্রতি তাঁকে ৩৫০ টাকায় ভাড়া দিতে হয়েছে।
বর্তমানে বাজারে প্রতি বস্তা (৮৪ কেজি) সাদা আলুর দাম ৫০০ টাকা। এ হিসাব অনুযায়ী প্রতি কেজি আলুর দাম প্রায় ছয় টাকা। অথচ উৎপাদন ও ভাড়া দিয়ে প্রতি কেজিতে তাঁর প্রায় আট টাকা খরচ হয়েছে। এতে কেজিতে তাঁর দুই টাকা করে লোকসান গুনতে হবে।
আজমাল হোসেনের মতো তারাগঞ্জ উপজেলার ১৪ হাজার ৮৭৩ জন চাষি ও ব্যবসায়ী বেশি লাভের আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন। দাম কম হওয়ায় তাঁরা হিমাগার থেকে এখন আর আলু বের করছেন না। এতে হিমাগার মালিকেরাও পড়েছেন বেকায়দায়। উপজেলার তিনটি হিমাগারে তিন লাখ বস্তা আলু (২৫ হাজার ২০০ টন) অবিক্রীত অবস্থায় পড়ে আছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে তিন হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল। উৎপাদন হয়েছে ৯৯ হাজার টন। শুরুতে প্রতি বস্তা আলু ৬০০-৬৫০ টাকায় বিক্রি হয়েছে। হিমাগারে আলু ওঠানো বন্ধ হওয়ার পর বাজারে দাম কমতে থাকে। এখন প্রতি বস্তা আলুর দাম ৫০০ টাকা। অথচ গত বছর একই সময় প্রতি বস্তা আলু এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।
গত সোমবার তারাগঞ্জ উপজেলা শহরের বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন দোকানে ছয় টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। উপজেলার অন্য হাটবাজারে এ দামে আলু বিক্রি হচ্ছে।
উত্তরপাড়া গ্রামের চাষি আজহারুল ইসলাম বলেন, ‘এইবার মনে হয় হামরা পথত বসমো। বাজারোত আলুর দাম নাই, কোল্ডস্টোরেজও ক্রেতা নাই, আলু নিয়া হামরা খুব বিপদে আছি।’
পারঘাট গ্রামের কৃষক মমিনুল হক বলেন, ‘এক বস্তা সাদা আলু আবাদ করতে খরচ হইছে ৫৫০ টাকা। কোল্ডস্টোরেজের ভাড়া ৩৫০ টাকা, বস্তা কিনবার নাকছে ৭০ টাকা, ভ্যান ভাড়া দিবার নাকছে প্রতি বস্তা ৪০ টাকা। এখন ফির সেই আলু বিক্রি করিবার নাগেছে ৫-৬ টাকা কেজি দামে, তবু ক্রেতা নাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ জানান, বাম্পার ফলনের কারণে এ বছর আলুর বাজারে ধস নেমেছে। এ ছাড়া কৃষকেরা হিমাগারে রাখার জায়গা না পেয়ে বাড়িতে আলু রেখেছিলেন। সে আলু এখন তাঁরা বাজারে বিক্রি করছেন। পাইকারেরা কম দামে ও সহজে হাটবাজারে আলু পাওয়ায় আর হিমাগারে যাচ্ছেন না।