আলুর বাজারে ধস
মুন্সিগঞ্জের সবচেয়ে পুরোনো হিমাগার মুন্সিগঞ্জ আইস ফ্যাক্টরি অ্যান্ড কোল্ড স্টোরেজ। সেখানে বসে থাকা জহুরুল ইসলামকে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছিল। বিকেল পাঁচটা পেরোলেও তাঁর দুপুরের খাবার খাওয়া হয়নি। সারা দিন কেটেছে শহরের কাঁচামালের আড়ত আর হিমাগার ঘুরে। এক বস্তা আলুও বিক্রি করতে পারেননি।
জহুরুলের সঙ্গে কথা হয় গত সোমবার বিকেলে। জানালেন, শহরের লঞ্চঘাটের পাশে এই হিমাগারে তাঁর ১১ হাজার ৬০০ বস্তা আলু আছে। হিমাগারের ভাড়াসহ ৮০ কেজির প্রতি বস্তা আলুর গড় দাম ১ হাজার ২৩০ টাকা। সোমবার পাইকারিতে প্রতি বস্তা আলুর সর্বোচ্চ দাম ছিল ৮১০ টাকা। আগের দিন দাম ছিল ৮৫০ টাকা। সোমবারের বাজারদর অনুসারে লোকসান ছিল ৪৮ লাখ ৭২ হাজার টাকা। লোকসানের অঙ্ক প্রতিদিনই বাড়ছে। কিন্তু স্থানীয় কোনো আড়তই আলু কিনছে না।
খোঁজ নিয়ে জানা গেল, মুন্সিগঞ্জেই শুধু নয়, বগুড়া, জয়পুরহাটসহ সারা দেশে আলু উৎপাদনের প্রধান প্রধান এলাকায় চাষি ও মজুতদারেরা এবার আলু নিয়ে বিপুল লোকসানের মুখে পড়েছেন। সবখানেই প্রতি বস্তায় এখন কমপক্ষে ৪০০ টাকা লোকসান হচ্ছে। প্রতিদিনই দাম কমে আসছে। ধস নেমেছে আলুর বাজারে। অথচ খুচরা বাজারে এখনো ১৫-২০ টাকা কেজির নিচে আলু মিলছে না।

এ বছর দেশে আলুর বাম্পার ফলন হয়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এবার আলু উৎপাদিত হয়েছে প্রায় এক কোটি মেট্রিক টন। সংগঠনটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সারা দেশের ৩৯০টি হিমাগারে ৫৩ লাখ মেট্রিক টন আলু আছে। এই সময় সাধারণত ৩৫-৪০ ভাগ আলু হিমাগার থেকে বের হয়ে যায়। বাজারে চাহিদা না থাকায় এবার ১০ ভাগ আলুও হিমাগার থেকে বের হয়নি।
অবশ্য হিমাগার ছাড়াও কৃষকের ঘরে ঘরে এখনো অনেক আলু রাখা আছে।
এই পরিস্থিতিতে খাদ্যতালিকায় আলুর বহুমুখী ব্যবহার বৃদ্ধিতে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তিন বছর ধরেই আলু নিয়ে সংকট হচ্ছে। এবার তা তীব্র হয়েছে। কৃষকেরা অনেকেই হিমাগারে আলু রেখে হিমাগার মালিকদের কাছ থেকে আগাম টাকা নিয়েছেন। সংকট কাটাতে কৃষি, খাদ্য, ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ে ভিজিডি, ভিজিএফ, কাবিখার মতো উন্নয়ন কর্মসূচিতে চাল-গমের বদলে বা চাল-গমের সঙ্গে আলু বিতরণের প্রস্তাব দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ ও আশপাশে হিমাগার আছে ৭৮টি। শহরের দেওয়ান কোল্ড স্টোরেজ, এলাইড কোল্ড স্টোরেজ, নিপ্পন কোল্ড স্টোরেজসহ বিভিন্ন হিমাগারে খোঁজ নিয়ে জানা গেল, প্রতিটি হিমাগারে আলু ভর্তি। হিমাগারের সামনে আলুচাষি ও সংরক্ষণকারী ব্যবসায়ীরা উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে বসে আছেন। কেউবা ছোট-বড় আলু পৃথক করছেন, পচাগুলো বাছাই করছেন। কিন্তু ক্রেতার উপস্থিতি নেই কোথাও।
মুন্সিগঞ্জের মহাকালী গ্রামের আলুচাষি আল-আমিন বললেন, ‘কার আগে কে বেচব, হেই লইয়া সবাই ব্যস্ত হইয়া গেছে। মোকামে মোকামে ছুটতাছে, ফোন করতাছে। বাজার উঠতাছে না। এইবার আমরা মইরা যাইতাম।’
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জ আইস ফ্যাক্টরি অ্যান্ড কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক খায়রুল ইসলাম জানালেন, তাঁদের প্রতিষ্ঠানের আরও দুটি কোল্ড স্টোরেজ আছে বেটকা ও টঙ্গিবাড়ীতে। প্রায় ১৬ হাজার মেট্রিক টন আলু আছে তাঁদের হিমাগারগুলোয়। এবার বস্তাপ্রতি খরচ ৩০০ টাকা। চুক্তি অনুসারে প্রতিবছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আলু রাখা হয়। নভেম্বর-ডিসেম্বরে আলুর চাষ হয়। ওঠে ফেব্রুয়ারির শেষ নাগাদ। কাজেই নতুন আলু রাখতে পুরোনো আলু ডিসেম্বরের মধ্যেই হিমাগার থেকে বের করতে হয়। এবার এখন পর্যন্ত হিমাগার থেকে মাত্র চার-পাঁচ ভাগ আলু বের হয়েছে।
এবার মৌসুমের শুরুতে ফাল্গুন মাসের দিকে মুন্সিগঞ্জে প্রচুর বৃষ্টি হয়েছে। তাতে অনেক চাষির আলু খেতেই নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে অনেকে দ্রুত আলু তুলে কাদামাখা অবস্থাতেই পাইকারি বিক্রি করে দেন বলে জানান মুন্সিগঞ্জের পাইকারি ব্যবসায়ী সামির আলী। তিনি বলেন, সেই আলু আড়তে রয়েছে। সেগুলো এখন ছাড়া হচ্ছে।
আলু নিয়ে কৃষকদের এই বিপর্যয়ের জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করেছেন মুন্সিগঞ্জের কৃষি বিভাগের উপপরিচালক মো. হুমায়ুন কবির। তিনি প্রথম আলোকে বলেন, কৃষকেরা দাম পাচ্ছেন না। এবার ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৬৯ হাজার ৮৫৮ মেট্রিক টন আলু। তাঁদের হিসাবে প্রতি কেজিতে উৎপাদন খরচ ৮ টাকা ১৬ পয়সা।
অবশ্য আলুচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাষের খরচের সঙ্গে বস্তার দাম, হিমাগারে রাখার খরচ, আনা-নেওয়ার খরচ এবং ঘাটতি (৮০ কেজির বস্তায় মৌসুম শেষে ৫-৭ কেজি পর্যন্ত কম হয়) ধরে কেজিপ্রতি উৎপাদন খরচ পড়েছে ১৫ টাকা ১৭ পয়সা। গত বছর প্রতি বস্তা আলু ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই আশায় এবার আলুর চাষও বেশি হয়েছে।
বগুড়া অঞ্চলের আলুর আকৃতি ও মান ভালো। দেশের আলু উৎপাদনের অন্যতম প্রধান এলাকা বগুড়া ও জয়পুরহাটেও আলুচাষি ও সংরক্ষণকারীরা আলু নিয়ে একই বিপর্যয়ে পড়েছেন। প্রতি বস্তায় প্রায় ৪০০ টাকা লোকসান হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বগুড়ায় ৬৬ হাজার হেক্টর জমিতে ১৪ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। এর মধ্যে জেলার ৩৩টি হিমাগারে দুই লাখ মেট্রিক টন আলু আছে। জয়পুরহাটে ৪২ হাজার হেক্টর জমিতে ৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। জেলার ১৬টি হিমাগারে দেড় লাখ মেট্রিক টন আলু রাখা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক শেখ আবদুস সবুর প্রথম আলোকে বলেন, আলু নিয়ে কৃষকের এই বিপদ কয়েক বছর পরপরই দেখা দেয়। আলুর উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি আলু প্রক্রিয়াজাত কারখানার সংখ্যা ও রপ্তানি বাড়ানো যায়, তাহলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এ জন্য সরকারকে আলু বিষয়ে একটি সামগ্রিক পরিকল্পনা নিতে হবে।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি