আলুর ভালো দামে খুশি জয়পুরহাটের চাষিরা
পরপর দুই বছর আগাম জাতের আলু লাগিয়ে লোকসানের শিকার হলেও চলতি মৌসুমে আলুর প্রত্যাশিত দাম পেয়ে জয়পুরহাটের চাষিরা বেজায় খুশি। প্রতি বিঘা জমির আলু বিক্রি করে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ করছেন চাষিরা।
আলুচাষিদের সঙ্গে কথা বলে ও হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মণ আলু ৯৫০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি বিঘা জমিতে আলুর ফলন হয়েছে ৪০ থেকে ৫০ মণ। এক বিঘা জমিতে আলু চাষ করতে চাষিদের খরচ হয়েছে ১২ থেকে ১৫ হাজার টাকা।
জয়পুরহাট জেলার সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার মাটিতে আগাম জাতের ব্যানোলা, গ্যানোলা, সাদা জাতের হল্যান্ড, স্টিক ও ক্যারেজ জাতের আলু চাষ করা হয়। সদর উপজেলার শাহাপুর, পালী, জামালপুর, ধূলাতর, চান্দা, দাদরা জন্ডিগ্রাম, শুকতাহার, চক জগদীশপুর; ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর, জিয়াপুর, দুর্গাপুর, আমিড়া এবং আক্কেলপুর উপজেলার পালশা, ইসমাইলপুর, আওয়ালগাড়ী, রুকিন্দীপুর ও মাতাপুর গ্রামে আগাম জাতের আলু চাষ করা হয়।
সদর উপজেলার জামালপুর খাঁপাড়া গ্রামের কৃষক নূরুল ইসলাম বলেন, তিনি এবার তিন বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে ৪০ থেকে ৫০ মণ আলুর ফলন হয়েছে। বাজারে ওই আলু ৯৫০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা মণ দরে বিক্রি করেছেন। ফলন কম হলেও বাজারে আলুর দাম ভালো থাকায় প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাভ করেছেন তিনি।
একই উপজেলার পালী গ্রামের কৃষক শাহ্ আলম বলেন, তিনি চার বিঘা জমিতে আগাম জাতের আলু চাষ করেছেন। আলুর দাম ভালো থাকায় তাঁরা খুব খুশি। গত দুই বছর আলু চাষ করে লাভ তো দূরের কথা, খরচের টাকাও ওঠেনি। তবে এবার দাম ভালো থাকায় প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৪০ হাজার ৭১০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আট লাখ মেট্রিক টন। এর মধ্যে চার হাজার হেক্টরে আগাম জাতের আলু চাষ হয়েছে। বাকি জমিতে নমলা জাতের আলু চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আবদুল মজিদ বলেন, আগাম জাতের আলু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। ব্যাপক চাহিদা থাকায় চাষিরাও ভালো দাম পাচ্ছেন।