আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ে দুর্বৃত্তদের হানা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার পাইলট উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত চারটি কক্ষের ১৫টি আলমারি ও ফাইল কেবিনেট ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করেছে।
বিদ্যালয়ের নৈশপ্রহরীকে হাত, মুখ ও চোখ বেঁধে আটকে রেখে দরজার কড়া ভেঙে তারা ওই ঘটনা ঘটায়। দুর্বৃত্তরা নৈশপ্রহরীকে বেদম মারধরও করে। তাঁকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
নৈশপ্রহরী মো. মোস্তফা জানান, রাত দেড়টা-দুটার দিকে প্রধান শিক্ষকের কক্ষের বারান্দায় টহল দেওয়ার সময় মুখোশ পরা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত পেছন দিক থেকে অতর্কিতে তাঁকে ধরে ফেলে এবং কোনোকিছু বুঝে ওঠার আগেই তাঁর হাত, মুখ এবং চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। ওই সময় চিৎকার দিতে চেষ্টা করলে তারা তাঁকে বেদম মারধর করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তাঁর অফিসকক্ষসহ অফিস সহকারীর কক্ষ, পাঠাগার কক্ষ এবং কম্পিউটার ল্যাবের দরজার কড়া ভেঙে ভেতরে ঢোকে। তারা ওই চারটি কক্ষে ১৫টি আলমারি ও ফাইল কেবিনেট ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। তবে কোনো নথি (ফাইল) খোয়া গেছে কি না তাৎক্ষণিকভাবে তা তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, থানায় অভিযোগ দেওয়া হবে।