আলেকজান্ডার-সোনাপুর সড়ক ভাঙনের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনার ভাঙনের কারণে লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কটি হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে সড়কটির ৮০০ মিটারের মাটি নদীতে ধসে পড়েছে। সড়কটি ভেঙে গেলে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত এবং পাঁচটি ইউনিয়ন উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এখনই ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে দুই লক্ষাধিক মানুষ ভোগান্তি পোহাবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রামগতি উপজেলা সদর থেকে শুরু হয়ে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর পর্যন্ত মহাসড়কটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার।
এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, লেগুনা, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এই সড়ক দিয়ে চট্টগ্রামেও যাওয়া যায়। গত এক সপ্তাহে পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক উচ্চতার জোয়ার এবং প্রচণ্ড ঢেউয়ের আঘাতে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কটির প্রায় এক হাজার মিটার এলাকায় ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা পরিষদ কমপ্লেক্স, পৌর কমপ্লেক্স, সমবায় চত্বর, আ স ম আবদুর রব সরকারি কলেজ, আলেকজান্ডার বাজারসহ উপজেলা সদরের বিভিন্ন স্থাপনা হুমকিতে রয়েছে।
বড়খেড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ বলেন, সড়কের ওই অংশ রক্ষা করা না গেলে চর আলগী, চর পোড়াগাছা, চর রমিজ, চর গাজী ও বড়খেড়ি ইউনিয়নের দুই লাখের বেশি মানুষ উপজেলা সদরে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়বে।
রামগতি পৌরসভার মেয়র শাহেদ আলী বলেন, ভাঙনকবলিত মহাসড়কটি এলাকায় বিকল্প বেড়িবাঁধ হিসেবেও কাজ করছিল। এখন সড়কটি ভেঙে গেলে পৌরসভার ৪, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে অবাধে জোয়ারের পানি ঢুকে চরম জনদুর্ভোগ সৃষ্টি করবে।
উপজেলা শহরের আলেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি শামছুল বাহার খন্দকার বলেন, সড়কটি ভাঙনের ঝুঁকিতে পড়ায় বাজারের ব্যবসায়ীরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সড়কটি ভেঙে পড়ায় বিশেষ করে উপজেলার দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে পড়লে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়বেন বলে তিনি আশঙ্কা করছেন।
সড়কটি রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ৫০ লাখ টাকার একটি জরুরি প্রকল্প গ্রহণ করে ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। প্রকল্প তদারকির কাজে নিয়োজিত লক্ষ্মীপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর জানান, সড়কটির প্রায় ৮০০ মিটার এলাকা চরম ঝুঁকির মধ্যে পড়েছে। চলমান প্রকল্পের মাধ্যমে ১২০ মিটার এলাকা রক্ষা করা গেলেও আরও প্রায় ৭০০ মিটার সড়ক অরক্ষিতই থেকে যাচ্ছে।
১৪ জুলাই পাউবোর ফেনী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন ও লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী এ টি এম খালেকউজ্জামান সড়কটির ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। এ টি এম খালেকউজ্জামান জানান, চলমান প্রকল্পটির সফলতা মূল্যায়ন করে অধিক ঝুঁকিপূর্ণ ৭০০ মিটার সড়কের ভাঙন রোধ করার জন্য মহাব্যবস্থাপকের দপ্তরে নতুন করে জরুরি প্রকল্প নেওয়ার আবেদন করা হয়েছে। গতকাল সোমবার তিনি জানান, নতুন প্রকল্প গ্রহণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, ইতিমধ্যে যোগাযোগমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী ও প্রতিমন্ত্রী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এদিকে স্থানীয় লোকজনও চাঁদা তুলে জিও ব্যাগ ফেলে আঞ্চলিক মহাসড়কটি রক্ষা করার চেষ্টা করছেন। পাউবো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়া গেলে সড়কটি রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে বলে তিনি মনে করেন।