আলেকজান্ডারের দুই সংসারে দুই সন্তান প্রভা ও প্রিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গ ছাড়ে না প্রিন্স। ছবিটি গতকাল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা থেকে তোলা l সাজিদ হোসেন
মায়ের সঙ্গ ছাড়ে না প্রিন্স। ছবিটি গতকাল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা থেকে তোলা l সাজিদ হোসেন

নাম তার আলেকজান্ডার। বীরত্বেও কম নয়। লম্বা গলা উঁচু করে কখনো ডান দিকে, কখনো বাঁয়ে মুখ ঘোরাচ্ছে। কিন্তু ওর তীক্ষ্ণ দৃষ্টি কড়ইগাছের ছায়ায় ঢাকা মাটির ওপর। কারণ, এই মাটিতে ধুলা উড়িয়ে ছোটাছুটি-লুটোপুটি খাচ্ছে আলেকজান্ডারের দুই সন্তান প্রভা আর প্রিন্স।
জীবনসঙ্গিনী প্রিয়ার কোল আলো করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বেলা সাড়ে তিনটায় জন্ম হয় মেয়ে প্রভার। এর ১৫ ঘণ্টা যেতে না-যেতে গতকাল শনিবার ভোর ছয়টার দিকে আলেকজান্ডারের আরেক ঘরনি ক্লিওপেট্রা জন্ম দেয় প্রিন্সকে। তাই মাটিতে তাকিয়ে যেন রাজ্য জয়ের মতো ফুরফুরে আনন্দে আছে চিড়িয়াখানার জিরাফ আলেকজান্ডার।
আলেকজান্ডারের মন-মেজাজ ফুরফুরে তো হবেই। আবদ্ধ এলাকায় থেকে রাজ্য জয় সম্ভব না হলেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ওর দাপট বাড়ছে তো বাড়ছেই। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ২০১১ সালে এখানে আসার পর এ পর্যন্ত পাঁচ সন্তানের জনক হয়েছে আলেকজান্ডার। এর মধ্যে সবশেষ সংসারে এল প্রভা ও প্রিন্স। তবে প্রভার চেয়ে প্রিন্স বেশি দুরন্ত। মাত্র এক দিন বয়স হলেও গতকাল শনিবার চিড়িয়াখানায় দেখা গেল, এই জিরাফ শাবক ছটফট বেশি করছে। লম্বা-চওড়া—সব দিক থেকেই বড় প্রিন্স। মা ক্লিওপেট্রার সঙ্গ ছাড়তেই চায় না। আর সুযোগমতো মায়ের কোল জাপটে ধরে দুধ পান করে নেয় প্রিন্স।
প্রিন্সের থেকে ঘণ্টা কয়েকের বড় হলেও প্রভাকে দেখতে ছোট মনে হবে। তাই বলে দুরন্তপনায় কমতি নেই আলেকজান্ডারের এই মেয়ের। দাঁড়ানোর পরপর পেছনের পা দুটো কিছুটা বাঁকিয়ে হাঁটে প্রভা। শরীরের ভার সামলে নিয়েই দেয় ছুট। প্রভাও ওর মা প্রিয়ার কোল ছাড়তেই চায় না। অল্পস্বল্প সময়ের জন্য অবশ্য বাবা আলেকজান্ডারের কাছে ছুটে যায়। কিছু সময় কাটিয়ে আবার চলে আসে মায়ের কাছে।
জিরাফদের তত্ত্বাবধায়ক আজগর আলী ও বোরহান উদ্দিন জানান, জন্মানোর পর থেকে একটিবারের জন্যও ঘুম নেই প্রভা-প্রিন্সের। সামনের পা দুটি ভাঁজ করে শরীরটা ডান দিকে কাত করে ফেলে ওরা। কিছু সময় বিশ্রাম নিয়ে আবার চলে ছোটাছুটি। সারা দিন এমনি করেই জিরাফের বাচ্চা দুটি ওদের বাবা-মায়ের ঘুম কেড়ে নিয়েছে।
এক বছর পর্যন্ত প্রভা-প্রিন্সকে ওদের মায়ের দুধ পান করতে দেওয়া হবে। কয়েক মাস পর ওরা খাবে অল্পস্বল্প ঘাস—এ কথা জানিয়ে চিড়িয়াখানার জু অফিসার এম এ জলিল বলেন, দুটি বাচ্চাই বিপদমুক্ত। তবে সাবধানে রাখতে হবে। এক বছর পর খুরা রোগ, গলা ফোলা রোগ ও অ্যানথ্রাক্স প্রতিরোধী টিকা দেওয়া হবে। এর সঙ্গে কৃমিনাশক ওষুধ দেওয়া হবে। তবে প্রিয়া ও ক্লিওপেট্রাকে পানির সঙ্গে ক্যালসিয়াম ও ভিটামিন মিশিয়ে পান করানো হবে। এর সঙ্গে পূর্ণবয়স্ক এই জিরাফদের সবজি, ঘাস, পাকা কলা খেতে দেওয়া হবে।
মা হিসেবে বেশ সাবধানি প্রিয়া ও ক্লিওপেট্রা। লাবণ্য ও ছোট রাজা নামের জিরাফ দুটি ওদের বড় শত্রু।
লাবণ্য আর ছোট রাজাও সুযোগ পেলে তেড়ে আসে প্রভা-প্রিন্সের দিকে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের হিসাবে প্রভার জন্মের পর লাবণ্য তেড়ে এসেছিল। আমরা তো ভয়ই পেয়েছিলাম, কী জানি কী হয়। তবে এখন সবাই ভালো আছে। সুস্থ আছে।’
এখন দর্শনার্থীরা দূর থেকে জিরাফের বাচ্চা দুটি দেখতে পাবেন। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জিরাফের শেডের সামনের এলাকা নেট দিয়ে ঘিরে রেখেছে। সপ্তাহ খানেক পরে সেটি তুলে দেওয়া হবে। কারণ, জিরাফরা অন্য জিরাফদের যেমন শত্রু মনে করে, তেমনি অচেনা মানুষ কাছাকাছি এলে খেপে যায়।
এদিকে জলহস্তীদের সংসারে এসেছে নতুন অতিথি। নাম তার মায়াপরী। জলহস্তীর তত্ত্বাবধায়ক নূর আলম বলেন, দশ দিন আগে মায়াপরীর জন্ম হয়। ওর মায়ের নাম আগন্তু। দেড় বছরে চিড়িয়াখানায় তিনটি জলহস্তীর বাচ্চা জন্ম নিয়েছে। মায়াপরীকে নিয়ে চিড়িয়াখানায় জলহস্তীর সংখ্যা হয়েছে এখন ১৩।