বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আলেক্ষ্যং মৌজার হেডম্যানকে (মৌজার প্রধান) দায়িত্বে অবহেলা ও অযোগ্যতার কারণে বরখাস্ত করা হয়েছে। ওই মৌজার বাদুরঝিড়ি চাক পাড়া উচ্ছেদের ঘটনায় পার্বত্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশে তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে গতকাল শুক্রবার জেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফয়েজ আহমদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে জেলা প্রশাসনকে যা করতে বলা হয়েছে তার সবকিছু করা হচ্ছে। এর অংশ হিসেবে হেডম্যানের পদ থেকে চাহ্লামং মারমাকে বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পার্বত্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসক গত ২০ জুন হেডম্যানকে বরখাস্তের আদেশ দেন। পার্শ্ববর্তী ঈদগড় মৌজার হেডম্যানকে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। আলেক্ষ্যং মৌজার হেডম্যানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুহুরি মৌলভি হাবিবুর রহমান জানান, কোনো রকম তদন্ত ও কারণ দর্শানোর নোটিশ ছাড়া হেডম্যানের পদ থেকে চহ্লামং মারমাকে বরখাস্ত করা হয়েছে। বিধিসম্মত না হলেও তাঁরা সমস্ত দায়-দায়িত্ব ঈদগড় মৌজার হেডম্যান থোয়াইহ্লা অং মারমাকে বুঝিয়ে দিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত ঈদগড় মৌজার হেডম্যান থোয়াইহ্লা অং মারমা বলেছেন, আলেক্ষ্যং মৌজায় ভূমি দস্যুরা ইচ্ছামতো ভূমি দখল করেছে। একটি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও (আইসি) ভূমি দখল করে বাগান করার কথা শুনেছেন। বিষয়গুলোর সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করে দেখছেন বলে তিনি জানিয়েছেন।বহিরাগত ভূমি দস্যুদের ভূমি দখল ও উৎপাতে গত দুই বছরে নাইক্ষ্যংছড়ি উপজেলায় আলেক্ষ্যং মৌজার বাদুরঝিড়ি চাক পাড়ার ২২টি চাক আদিবাসী পরিবার উচ্ছেদ হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের অনুরোধে পার্বত্য মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় ১০টি বিষয়ে কাজ করার জন্য প্রশাসন ও পুলিশকে সুপারিশ করে। এডিসি ফয়েজ আহমদ মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ অস্বীকার করে বলেছেন, সুপারিশে আলাদাভাবে প্রশাসন ও পুলিশের করণীয় বলা হয়েছে। প্রশাসনকে যা করতে বলা হয়েছে তা করা হয়েছে। পুলিশের করণীয়গুলো করা হয়েছে কি না তাঁদের জানা নেই।