আলেপ্পোয় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবকের গল্প
‘আমি খুব শিগগির একটি পাগলাটে মিশনে যেতে পারি। একটা জায়গা খুঁজে পেয়েছি, যেটি প্রচণ্ডভাবে আক্রান্ত। একাধারে বোমা পড়ছে।...খুবই ঝুঁকিপূর্ণ একটি মিশন। তবে এমন মিশন নিয়ে ভাবতেই ভালো লাগে।’ বড় ভাইকে লেখা কামরান উল-হকের শেষ বার্তা এটি। সিরীয় যুদ্ধের ভয়াবহতায় আতঙ্কিত অথচ রোমাঞ্চিত এক যুবকের পরিচয় পাওয়া যায় এই বার্তায়।
গত বছরের ডিসেম্বর থেকে সিরিয়ায় হতাহতদের অস্থায়ী হাসপাতালগুলোতে পৌঁছে দিয়ে সময় কেটেছে ‘বাংলাদেশি বংশোদ্ভূত’ ব্রিটিশ নাগরিক ২৯ বছর বয়সী কামরানের। গত ২২ সেপ্টেম্বর সিরিয়ার আলেপ্পোতে মার্কিন ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হন তিনি। তাঁর মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে পরিবার।
কামরানের বড় ভাই বারী (প্রকৃত পরিচয় গোপন রাখা হয়েছে) জানিয়েছেন, চার ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি ধার্মিক ছিলেন কামরান। সিরিয়ায় নারী ও শিশুদের নির্মমভাবে হত্যার ভিডিওচিত্র ইউটিউবে দেখে তিনি সেখানে গিয়ে ত্রাণকাজে যোগ দিতে আগ্রহী হয়ে ওঠেন। ২০১২ সালের মার্চ মাসে তিনি লন্ডন থেকে সিরিয়ায় যাওয়া প্রথম ত্রাণবহরের একটি গাড়িতে উঠে পড়েন। ওই ত্রাণবহরে সিরীয় যুদ্ধের উদ্বাস্তুদের জন্য তাঁবু, খাদ্যসামগ্রী ও পোশাক নিয়ে যাওয়া হয়।
পক্ষকালব্যাপী সিরিয়ায় অবস্থান করে কামরান পূর্ব লন্ডনে নিজের বাড়িতে ফিরে আসার পরই শুরু হয় বিপত্তি। পুলিশ তাঁর বাড়িতে হানা দিয়ে কয়েকটি ফোন ও কম্পিউটার জব্দ করে নিয়ে যায়। ওই ঘটনার পর কামরান সিরিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা শুরু করেন। তিন দফা তিনি তুরস্ক সীমান্ত হয়ে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
বারী জানান, কামরান পরে লন্ডন পুলিশের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা দেনদরবার করে সিরিয়ায় ত্রাণশিবিরে ফিরে যাওয়ার চেষ্টা শুরু করেন। এর মধ্যে ঘটে আরেক ঘটনা। তাঁদের বাবা মারা যান। এরপর পরিবারের বেশির ভাগ সদস্য যখন লাশ নিয়ে বাংলাদেশে যায়, তখন পুলিশের কাছ থেকে সিরিয়ায় যাওয়ার ছাড়পত্র পান কামরান। ২০১৩ সালের ডিসেম্বর মাসে তিনি আরেকটি ত্রাণবহরের সঙ্গে সিরিয়ায় চলে যান। আলেপ্পো প্রদেশে গত ২২ সেপ্টেম্বর যে আটটি ‘সন্ত্রাসীদের আস্তানা’য় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, তার একটিতে ছিলেন কামরানসহ আরও দুই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ।
পশ্চিম সিরিয়ার আমর দেঘাইস নামের একটি জিহাদি গোষ্ঠীর দাবি মোতাবেক, কামরান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের একটি দলে ছিলেন, যেটি পরে আল-কায়েদার শাখা আল নুসরা ফ্রন্টে যোগ দেয়। তবে কামরান কোনো যোদ্ধাগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না বলে মনে করেন তাঁর বন্ধুরা। তাঁদের মতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন গ্রুপের পক্ষে ‘ফ্রিল্যান্সার’ হিসেবে কাজ করে থাকতে পারেন। আর ভাই বারীর দাবি, কামরান কখনোই যোদ্ধা ছিলেন না। তিনি বলেন, কামরান আল নুসরা ফ্রন্টে যোগ দিয়ে থাকলেও সেটা হয়তো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কারণে করে থাকতে পারেন। সূত্র: দ্য গার্ডিয়ান|