আলেম হত্যার ষড়যন্ত্র করা ও তওবা পড়ানোর অভিযোগ ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কয়েকজন আলেমকে হত্যার ষড়যন্ত্র করার এবং জয়পুরহাটে আওয়ামী লীগের ১৬ জন কর্মীকে তওবা পড়ানোর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার দলটির নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এই দাবি করেন।বিবৃতিতে আযাদ বলেন, চট্টগ্রামের কিছু আলেম নামধারী ব্যক্তি জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে তাঁদের হত্যার ষড়যন্ত্রের যে অভিযোগ প্রচার করছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের ষড়যন্ত্রের অভিযোগের সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পর্ক নেই।বিবৃতিতে আরও বলা হয়, ‘জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াতের স্থানীয় নেতা ও মসজিদের ইমামের ১৬ জন আওয়ামী লীগের কর্মীকে তওবা পড়িয়ে নতুন করে মুসলমান বানানোর’ যে খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা মিথ্যা। সেখানে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বিবৃতিতে জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।একই বিবৃতিতে গত বুধবার ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে কিছু ওলামা-মাশায়েখের জামায়াত সম্পর্কে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টির জন্য সরকার শাহবাগের নাস্তিকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য মন্দির ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালিয়ে তা জামায়াত-শিবিরের ওপর চাপানোর মিথ্যা প্রচারণা চালাচ্ছে।