আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সমাবেশে বক্তারা আলেম-ওলামাদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে মানববন্ধন করা হয়। উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি এর আয়োজন করে। মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহতেশাম রেজা ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ নবীউল ইসলাম যোগ দিয়ে এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বক্তব্য দেন মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব প্রমুখ।
নীলফামারী: ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা সাড়ে ১১টার দিকে বাটার মোড় এলাকা থেকে গণমিছিল বের করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন ও গ্রামপুলিশ অংশ নেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। সেখানে ইউএনও সাবিহা সুলতানা সভাপতিত্ব করেন। সমাবেশে স্থানীয় সাংসদ আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া।
কুড়িগ্রাম: দুপুরে উলিপুর উপজেলার বড় মসজিদ মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায়, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম আনছারী প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর প্রেসক্লাবের সামনে রেলওয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বেলা একটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও হয়। এতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার একরামুল হক, সৈয়দপুর রেলওয়ে কমান্ডার মোজাম্মেল হক প্রমুখ। এর আগে বেলা ১১টার দিকে সৈয়দপুর আপেক্স ক্লাবের উদ্যোগে একই স্থানে মানববন্ধন হয়। বক্তব্য দেন আপেক্স ক্লাবের সভাপতি এস এম মিথুন কারনায়েন, শিক্ষক রওনক জাহান, রুহুল আলম প্রমুখ।