আলেমদের সঙ্গে পরামর্শ করে খুতবা তৈরির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনকে আলেম-ওলামা ও সংসদীয় কমিটির সঙ্গে পরামর্শ করে জুমার নামাজের জন্য নতুন করে অভিন্ন খুতবা তৈরির সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল রোববার এই সুপারিশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের সব মসজিদে জুমার দিনে ইসলামিক ফাউন্ডেশনের সরবরাহ করা জঙ্গিবাদবিরোধী খুতবা নিয়ে আলোচনা হয়। এতে সদস্যরা জঙ্গিবাদ বিষয়ে ইসলাম ধর্মের মর্মবাণীসহ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন।
কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী প্রথম আলোকে বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন কারও সঙ্গে পরামর্শ না করে সব মসজিদের জন্য অভিন্ন খুতবা তৈরি করেছে। এই খুতবা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। কওমি মাদ্রাসা ও হেফাজতে ইসলামের শীর্ষ আলেমরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা জঙ্গিবাদবিরোধী খুতবা তৈরির বিষয়ে একমত। কিন্তু ইসলামিক ফাউন্ডেশন যে খুতবা সরবরাহ করেছে, সেটা নিয়ে তাদের আপত্তি আছে। সে জন্য সংসদীয় কমিটি সবার সঙ্গে পরামর্শ করে খুতবা তৈরির পরামর্শ দিয়েছে।’