আলো জ্বালিয়ে ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহম্মদ ত্বকী হত্যাকাণ্ডের সব খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও আলোকশিখা প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। ত্বকী হত্যার ৩১ মাস পূরণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কেন্দ্রস্থল শহীদ মিনারে এসব কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, বিচারহীনতা অসংখ্য অপরাধের জন্ম দেয়। ত্বকী হত্যার বিচার না হওয়ায় পরবর্তী সময়ে নারায়ণগঞ্জসহ সারা দেশে আরও বহু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ত্বকীর ঘাতকেরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের সমর্থনদাতা ও এ হত্যাকাণ্ডের বিচার বন্ধ রাখার নির্দেশদাতাদেরও একদিন বিচারের মুখোমুখি হতে হবে। তিনি ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তার করে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়ার দাবি জানান।
আলোকশিখা প্রজ্বালন কর্মসূচিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, উদীচীর জেলা সভাপতি জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা, নারায়ণগঞ্জ খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শহীদ মিনারের বেদিতে আলোকশিখা প্রজ্বালন করেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা।