আলো ঝলমলে দীপালি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমবাতি আর বৈদ্যুতিক আলোয় বর্ণিল হয়ে উঠেছিল বরিশাল মহাশ্মশান। প্রায় ২০০ বছরের পুরোনো দীপালি উৎসব ঘিরে মানুষের ঢল নেমেছিল গতকাল। ছবিটি সন্ধ্যা সাড়ে সাতটায় তোলা l প্রথম আলো
মোমবাতি আর বৈদ্যুতিক আলোয় বর্ণিল হয়ে উঠেছিল বরিশাল মহাশ্মশান। প্রায় ২০০ বছরের পুরোনো দীপালি উৎসব ঘিরে মানুষের ঢল নেমেছিল গতকাল। ছবিটি সন্ধ্যা সাড়ে সাতটায় তোলা l প্রথম আলো

বিকেল পাঁচটা। শহরের কাউনিয়া সড়ক, নতুন বাজার, নাজির মহল্লা, হাসপাতাল রোড দিয়ে যাঁরা হাঁটছেন, প্রত্যেকের হাতে নকশা করা একটা পিঁড়ি। ব্যাগভর্তি প্রদীপ, মোম ও নানা খাবারসামগ্রী। গন্তব্য বরিশাল মহাশ্মশান।
গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার মধ্যে বরিশাল মহাশ্মশান আলোকিত হয়ে ওঠে প্রদীপ ও মোমবাতির আলোয়। সঙ্গে বৈদ্যুতিক আলোকসজ্জা বাড়তি সৌন্দর্য যোগ করে। অসংখ্য মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রায় ২০০ বছরের পুরোনো দীপালি (দীপাবলি) উৎসব ঘিরে মানুষের ঢল নামে মহাশ্মশানে। কথিত আছে, এশিয়া মহাদেশ তথা পৃথিবীর বৃহত্তম আয়োজন এটি। ভারতে এটি দীপাবলি উৎসব নামে পরিচিত হলেও বরিশালে দীপালি উৎসব হিসেবে ব্যাপক পরিচিত।
সন্ধ্যা সাতটা থেকে তিথি শুরু হলেও স্বজনদের সমাগম ঘটতে থাকে বিকেল থেকে। প্রতিবছর কালীপূজার আগের দিন এ আয়োজন করে বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটি।
সরেজমিনে দেখা গেছে, মহাশ্মশানের ৫০ হাজারের বেশি সমাধিমন্দির আলোতে ঝলমল করছে। স্বজনদের হাতের ছোঁয়ায় জ্বলে ওঠে মন্দিরের প্রদীপগুলো। প্রতিটি মন্দিরের পাদদেশে স্বজনেরা পরলোকগতদের পছন্দের খাবারসামগ্রী সাজিয়ে রেখেছেন। আত্মার শান্তি কামনায় চলছে প্রার্থনা। সন্ধ্যা হতে না হতেই এ আয়োজন দেখতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। বসেছে মেলাও।

বরিশাল জেলার গুঠিয়া থেকে নূপুর পাল এসেছেন তাঁর দাদুর সমাধি মন্দিরে প্রদীপ জ্বালাতে। তিনি বলেন, প্রতিবছর এই দিনে শ্মশানে আসেন দাদুর আত্মার শান্তি কামনায়। সমাধিতে প্রদীপ জ্বালিয়ে দাদুর পছন্দের খাবার খই, মোয়া, নাড়ু-সন্দেশ সাজিয়ে রেখেছেন।

বাবার সমাধি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পিঠা-পায়েস ও ফল সাজিয়ে প্রার্থনা করছিলেন পরীক্ষিত ঘোষ। শহরের সাগরদী এলাকার শেফালি দাস তাঁর মা-বাবার সমাধিতে আলো জ্বেলে ফল ও মিষ্টি সাজিয়ে রেখেছেন। এভাবে সব সমাধি মন্দিরের পাদদেশেই আলোর সঙ্গে পছন্দের খাবার সাজিয়ে রেখেছেন সবাই।

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন বলেন, ‘ঠিক কত বছর আগে এই শ্মশান দীপালি উৎসব শুরু হয়েছে জানি না। আমাদের বাবা, ঠাকুরদার কাছ থেকে যতটুকু জেনেছি, তাতে প্রায় ২০০ বছর আগে শুরু। দিনে দিনে এর ব্যাপ্তি বেড়েছে। এটা এখন আর শুধু সনাতন ধর্মের অনুষ্ঠান নয়, আনন্দ আয়োজনে মিলিত হন ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব বয়সের নারী-পুরুষ।’

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি জানান, এই মহাশ্মশানে ৫০ হাজারের বেশি সমাধি বেদি রয়েছে। কিছু সমাধি বিলীন হয়ে গেছে। স্বজনেরা উপস্থিত হতে পারেন না এমন প্রায় এক হাজার সমাধি মন্দিরে শ্মশান রক্ষা কমিটির পক্ষ থেকে প্রদীপ জ্বেলে দেওয়া হয়েছে।