
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গতকাল রোববার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্রদীপ জ্বালিয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য গৌতম বুদ্ধ দাশ।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘দেশ একটি সম্মিলিত উচ্চারণ’ নামের একটি সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে আলোকচিত্র সংগ্রাহক সাহাবউদ্দিন মজুমদারের সংগ্রহে থাকা ৬৪০টি ছবি স্থান পেয়েছে। এর মধ্যে আছে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি।
অনুষ্ঠানে উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারবেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম, প্রক্টর গৌতম কুমার দেবনাথ, ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ আলমগীর হেসেন, শিক্ষক বিবেক চন্দ্র সূত্রধর প্রমুখ।