আলোকচিত্রে একাত্তরের লন্ডন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমি​েত গতকাল শুরু হওয়া ‘লন্ডন ১৯৭১’ শীর্ষক প্রদর্শনী দেখেন দুই প্রজন্মের দর্শক l প্রথম আলো
শিল্পকলা একাডেমি​েত গতকাল শুরু হওয়া ‘লন্ডন ১৯৭১’ শীর্ষক প্রদর্শনী দেখেন দুই প্রজন্মের দর্শক l প্রথম আলো

কত কিছুই না দেখা গেল এই প্রদর্শনীতে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ নম্বর প্রদর্শনী কক্ষটি সেজেছে মুক্তিযুদ্ধের আবহে। চলুন, আমরা আগে কয়েকটি ছবি দেখে নিই, ইতিহাস থাকুক আমাদের সঙ্গী হয়ে।
৪ জুন, ১৯৭১। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দিকে যাচ্ছিল মহিলা সমিতি ইউকের মিছিল। পোশাক হিসেবে তাঁরা বেছে নিয়েছিলেন শাড়ি। কয়েকজন সঙ্গে এনেছেন বাড়ির শিশুটিকেও। বেবি ট্রলিতে সেও শামিল মিছিলে। সামনের সারিতে বড় প্ল্যাকার্ডে ইংরেজিতে যে স্লোগান লেখা, বাংলায় তার অর্থ দাঁড়ায় ‘৭৫ মিলিয়ন নিরস্ত্র বাঙালি ভয়ংকর বিপদে!’
১ আগস্ট ১৯৭১। স্বাধীন বাংলাদেশের সমর্থনে অ্যাকশন বাংলাদেশের উদ্যোগে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অনুষ্ঠিত হয় কালজয়ী বিশাল জনসমাবেশ। অগণিত মানুষের সমাবেশ সেখানে। সমাবেশের মঞ্চে বিশাল ব্যানারে লেখা ‘স্টপ জেনোসাইড’, ‘বয়কট পাকিস্তান’! দুই পাশে চিরচেনা বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ৫ আগস্ট ১৯৭১, লন্ডনের পাকিস্তান কমিশন থেকে পতাকা নামিয়ে পুড়িয়ে দেন মুক্তিকামী বাঙালিরা।
সুবিশাল এ প্রদর্শনী কক্ষের কিছু সাদাকালো আলোকচিত্র, ডাকটিকিটের অনুকৃতি, পোস্টার এবং পুরোনো সংবাদপত্র কড়া নেড়েছে মানুষের স্মৃতিতে। উসকে দিয়েছে ইতিহাস। ১৯৭১ সালে যখন এ দেশের অগণিত মানুষ মুক্তির তাগিদে জীবনপণ লড়াই করছিলেন, তখন দূর পরবাসে বহু মুক্তিকামী বাঙালি এবং অবাঙালি নাগরিক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাঁপিয়েছেন বিলেতের রাজপথ। প্রবাসে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বের বিক্ষুব্ধ, প্রতিবাদী দিনমালা থেকে লন্ডন হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন—এই সব নিয়েই প্রদর্শনী। শিরোনাম ‘লন্ডন ১৯৭১!’
বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহু অজানা ইতিহাসের সরব সাক্ষী লন্ডন। স্বাধীনতাসংগ্রামের প্রস্তুতি পর্ব থেকে মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ নয় মাস যুক্তরাজ্যের প্রবাসী বাঙালিরা জোরালো দাবি তুলেছেন স্বাধীন বাংলাদেশের সমর্থনে। মুক্তিযুদ্ধের সেই প্রামাণ্য ইতিহাস উঠে এসেছে এই প্রদর্শনীতে।
১৯৭১ সালের বিলেতের রাজপথ যেন বাংলাদেশেরই অংশ হয়ে উঠেছিল। স্বাধীন বাংলাদেশের দাবিতে, বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে রাজপথে নেমে এসেছিলেন হাজার হাজার বাঙালির সঙ্গে ব্রিটেনবাসীও।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘প্রজেক্ট লন্ডন ১৯৭১’-এর আয়োজনে শুরু হয়েছে তিন দিনের এ প্রদর্শনী। প্রদর্শনীতে স্থান পাওয়া বেশির ভাগ ছবি ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়েন ও বিলেতে বাংলাদেশি বংশোদ্ভূত ইউসুফ চৌধুরীর তোলা। ওই সময়ের তরুণ রজার গোয়েন নিজ দায়িত্বে ডকুমেন্টেশন করেছেন আন্দোলনের উত্তাল দিনগুলোর। এ ছাড়া রয়েছে বেশ কিছু সংগৃহীত ছবি। আট বছর ধরে লন্ডনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুরে ঘুরে এসব ছবি সংগ্রহ করেছেন সংবাদকর্মী উজ্জ্বল দাশ। লন্ডন থেকে প্রকাশিত বাংলা ও ইংরেজি সংবাদপত্রের মূল কপি, পোস্টার, ডাকটিকিট ও প্রচারপত্র স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। বাঙালিদের পাশাপাশি একাত্তরে স্বাধীন বাংলাদেশের সমর্থনে বিশ্ব জনমত গঠনে ব্রিটিশ এমপি, রাজনীতিক, সাংবাদিক, সমাজকর্মী, প্রগতিশীল শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ রেখেছেন অনন্য ভূমিকা। প্রদর্শনীতে উঠে এসেছে সেসব ভিনদেশি বন্ধুদেরও ছবি।
একাত্তরের ১২ ডিসেম্বর বাংলাদেশের সংবিধানের প্রথম লিপিকার এ কে এম আবদুর রউফের হাতে আঁকা ঐতিহাসিক পোস্টারটি স্থান পেয়েছে প্রদর্শনীতে। আছে লন্ডনের হাইড পার্ক স্পিকার্স কর্নারে মুক্তিকামী জনতার সমাবেশ।
পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ৮ জানুয়ারি ১৯৭২-এর ভোরে হিথ্রো বিমানবন্দরে নামেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সন্ধ্যায় ক্লারিজ হোটেলে হয় জনাকীর্ণ সংবাদ সম্মেলন। মুক্তিযুদ্ধের পরে দেশ-বিদেশের সংবাদমাধ্যমের সামনে ওই দিন প্রথম কথা বলেছিলেন বঙ্গবন্ধু।
২১ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর থেকে তৎকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ ব্রিটেনের প্রবাসী বাঙালিদের কাছে সাহায্য-সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিটির অনুকৃতি প্রদর্শনী ছিল বাড়তি সংযোজন।
ছবিগুলো জানান দিচ্ছে বিলেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে জনমত গঠন ও ‘বাংলাদেশ ফান্ড’ সংগ্রহে বিশেষ ভূমিকা পালন করে স্টিয়ারিং কমিটি অব অ্যাকশন কমিটিস, সব আঞ্চলিক অ্যাকশন কমিটি, ছাত্র সংগ্রাম পরিষদ, মহিলা সমিতি ইউকে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ইন ইউকে, অ্যাকশন বাংলাদেশ ও অপারেশন ওমেগা।
অনুষ্ঠানের শুরুতে ছিল ‘লন্ডন ১৯৭১: ভিনদেশে বাঙালির গৌরবগাথা’ শীর্ষক আলোচনা। এতে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, তা থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমি জোরেশোরেই বলতে পারি যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে।’ বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীতে এসে আমরা ইতিহাসকে নতুনভাবে জানি, যা আমাদের স্মৃতিকে প্রবলভাবে নাড়া দেয়।’ সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, ১৯৭১ সালে লন্ডনে স্থাপিত বাংলাদেশ কূটনৈতিক মিশনের দ্বিতীয় সচিব মহিউদ্দিন আহমদের স্মৃতিচারণায় ছিল আলোকচিত্রগুলো জীবন্ত বর্ণনা। তিনি ওই সময় লন্ডনে থাকা আরও কয়েকজনকে পরিচয় করিয়ে দেন। বক্তৃতা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহীদ সন্তান নুজহাত চৌধুরী।
প্রদর্শনী শেষ হবে শনিবার। জাতীয় চিত্রশালার ৫ নম্বর গ্যালারিতে শুরু হওয়া এ প্রদর্শনী খোলা থাকবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।