আলোকচিত্রে 'চিরায়ত চট্টগ্রাম'

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকীর ‘চিরায়ত চট্টগ্রাম’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী গতকাল শনিবার সকালে শুরু হয়েছে।
চট্টগ্রাম নগরের সার্সন রোডে এই প্রদর্শনীর উদ্বোধন করেন র্যা ডিসন ওয়াটার গার্ডেন ব্লু চট্টগ্রামের মহাব্যবস্থাপক গিয়ার সিক্কু।
হাটখোলার উদ্যোগে ও ফটোব্যাংক গ্যালারির সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যা ডিসন ব্লুর এক্সিকিউটিভ শেফ বিয়ন্ড, হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদ। অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান ফটোব্যাংকের আলোকচিত্রী নাঈমা পারভীন। প্রদর্শনীতে ৩৪টি ছবি স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনী সম্পর্কে শোয়েব ফারুকী বলেন, ‘আমার দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনীতে চট্টগ্রামের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাপনকে তুলে ধরা হয়েছে।’