তরুণ শিক্ষার্থীদের জানার আগ্রহের শেষ নেই। তাই প্রশ্নেরও অন্ত নেই। তরুণদের অবিরাম প্রশ্ন ও জানার মধ্য দিয়েই গতকাল শনিবার গণসাক্ষরতা অভিযানের রজতজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে।
‘তরুণ শিক্ষার্থী সম্মেলন’ শিরোনামের এই উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রবীণদের অর্জন ও অভিজ্ঞতা জানার মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা আলোকিত মানুষ হওয়ার প্রেরণা পায়। গণসাক্ষরতা অভিযানের পক্ষ থেকে জানানো হয়, নবীন ও প্রবীণের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও জানার ক্ষেত্র তৈরি করে দেওয়াই এই উৎসবের উদ্দেশ্য।
বেলা ১১টায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। উৎসবে উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নুরুন্নবী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ, প্রাথমিক ও গণশিক্ষাসচিব হুমায়ুন খালিদ, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, শিল্পী নকীব খান, পর্বতারোহী এম এ মুহিত, শিল্পী হায়দার হোসেন, সামাজিক উদ্যোক্তা করভী রাসখান্দ প্রমুখ। অভিনয়শিল্পী শিমুল খানের উপস্থাপনায় উৎসবে বেশির ভাগ শিক্ষার্থীর প্রশ্ন ছিল বিজ্ঞান ও গণিত নিয়ে।
শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে এ কে এম নুরুন্নবী বলেন, দেশে জ্ঞান-বিজ্ঞানের বইয়ের প্রকাশনা বাড়লে এর চর্চা বাড়বে। সে জন্য শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানের বই বেশি করে পড়তে হবে ও কিনতে হবে। এতে লেখক ও প্রকাশকেরা উৎসাহিত হবেন।
কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘সবকিছুর আগে জানতে হবে বর্তমানে আমরা কোন সমাজে আছি এবং ভবিষ্যতে কী ধরনের সমাজ চাই। ভবিষ্যতে ভালো কিছু চাইলে আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধকে জাগাতে হবে। সম্পদের বৈষম্য বাড়ছে, সেটা কমাতে হবে।’
মিজানুর রহমান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান করার চেয়ে মুনাফা অর্জনে বেশি ব্যস্ত। যে কারণে মা-বাবা সন্তানদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান। একই সঙ্গে তাঁরা নিজেদের পছন্দের বিষয় সন্তানদের ওপর চাপিয়ে দেন। এতে বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেকের মেধা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তা আর বিকশিত হয় না।
শিল্পী নকীব খান বলেন, ছাত্রদের এখন আর চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার দৌড়ে অংশ নেওয়া উচিত নয়। কারণ, এখন নতুন নতুন অনেক বিষয় আছে যা নিয়ে পড়ে দুনিয়াখ্যাত হওয়া যায়।