আলোচনা করে তরঙ্গ নিলামের জন্য চিঠি
প্রকাশ্য আলোচনার মাধ্যমে তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম আয়োজন করার আহ্বান জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ। গতকাল বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি অর্থমন্ত্রীকেও দেওয়া হয়েছে।
অতিরিক্ত তরঙ্গ অবমুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জিএসএমএর চিঠিতে তরঙ্গ বরাদ্দে স্বচ্ছতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান বজায় রাখার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।
জিএসএমএর হেড অব পলিসি জন জিউস্টি খসড়া গাইডলাইনকে একটি যথাযথ ও প্রকাশ্য আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘এর মাধ্যমে পক্ষগুলো গাইডলাইন ভালোভাবে বুঝতে এবং এ বিষয়ে তাদের মতামত জানাতে পারবে।’
নতুন নিলামের মাধ্যমে বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ মুঠোফোন অপারেটরদের কাছে বিক্রি নিয়ে নিলাম অনুষ্ঠানের সিদ্ধান্ত অনুমোদন ও খসড়া নীতিমালা চূড়ান্ত করার জন্য সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিটিআরসি। শর্তানুযায়ী ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ থাকার কারণে গ্রামীণফোন এ নিলামে অংশ নিতে পারবে না।
একচেটিয়া অবস্থা নিরুৎসাহিত করার কথা বলে ১ হাজার ৮০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার উদ্যোগের কারণে গ্রামীণফোন নিলাম প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। নিলামের আগেই বিগত থ্রিজি নিলামের সময় দেওয়া প্রতিশ্রুতিসহ দীর্ঘদিন ধরে অমীমাংসিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সামাধান চেয়েছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি বলেন, ‘আমরা সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ নিলামের দাবি জানিয়ে আসছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কর্তৃপক্ষের এ পথটিই অনুসরণ করা উচিত, যার ফলে এই শিল্প এবং দেশ উভয়ই উপকৃত হবে।’
খসড়া গাইডলাইনে বৈষম্যমূলক শর্তের কথা উল্লেখ করে গ্রামীণফোনের সিংহভাগ শেয়ারের মালিক টেলিনর গ্রুপ এশিয়া অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাকন ব্রুয়াসেট জল বলেন, ‘ডিজিটাল সম্ভাবনার দ্বার খুলতে অপারেটরদের জন্য সময়মতো স্পেকট্রাম উন্মুক্ত করতে হবে, যা বৈষম্যহীনভাবে তরঙ্গের দক্ষ ব্যবহার নিশ্চিত করবে। তবে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে আইনকানুন ও কর নীতির ক্ষেত্রে অনুমানযোগ্য পরিবেশের ওপর সবচেয়ে বেশি নির্ভর করেন। যখন সে রকম পরিবেশ প্রতিষ্ঠিত হবে, তখনই স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হওয়া উচিত।’
টেলিযোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও চিঠিটি অর্থমন্ত্রী, আইসিটি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকেও দেওয়া হয়েছে বলে জানা গেছে।