আলোচনা শোভাযাত্রায় মহান মে দিবস পালিত
‘মে দিবসের মর্মবাণী, শ্রমিক-মালিক ঐক্য জানি’ স্লোগানে বিভিন্ন স্থানে গত রোববার মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে রোববার সকাল ১০টার দিকে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জেলা প্রশাসক জাকীর হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবীব সভাপতিত্ব করেন।
নীলফামারী পৌর মাঠে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সামসুজ্জামান। এর আগে তারা শহরে শোভাযাত্রা বের করে।
রংপুর : রোববার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে উদীচী শিল্পীগোষ্ঠী এবং উত্তরণ সাংস্কৃতিক সংগঠন সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি মাঠে গণসংগীতের আয়োজন করে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেলা দুইটার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে আলোচনা সভা হয়। সেখানে গণসংগীতের আয়োজনও করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ টিপু মুনশি। এ ছাড়া সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করে।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের ১৩টি থানায় মে দিবস পালিত হয়েছে। রোববার সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে জাতীয় শ্রমিক লীগের শোভাযাত্রা জেলা শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা হয়। এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ইকবালুর রহিম। এতে বিশেষ অতিথি ছিলেন এসপি রুহুল আমিন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। সভা শেষে মৃত শ্রমিকদের পরিবার ও পঙ্গু শ্রমিকদের এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখা সম্মিলিত শোভাযাত্রা বের করে। এ ছাড়া জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শোভাযাত্রা বের করে। রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী রক্তদান কর্মসূচি পালন করে। উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখা নিজেদের কার্যালয়ে গণসংগীত ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আমির আলী আজাদ।