আলোচনা সভায় পরিবেশ ও বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেছেন, ক্ষমতাবানেরা বন দখল করছেন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই শিল্পকারখানা স্থাপন করছেন। তাঁদের এত ক্ষমতা যে রাষ্ট্রীয় সংস্থাগুলো ক্ষমতাবানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
গতকাল শনিবার রাজধানীর বন ভবনে আয়োজিত আন্তর্জাতিক বন দিবসের আলোচনায় পরিবেশ ও বনমন্ত্রী এ কথা বলেন। বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বন বিভাগের দুর্নীতির দিকে ইঙ্গিত করে বলেন, এমন সব দুর্নীতি হয় যা শুনলে অনেকে আত্মহত্যা করবে অথবা ভয়ে পালাবে।
জার্মান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেডের সহায়তায় দিনব্যাপী অনুষ্ঠানে সারা দেশ থেকে বন বিভাগের কর্মীরা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ ক্ষমতাবানেরা বন দখল করছেন, এমন অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, ‘ধনিক শ্রেণি বনের মধ্যে বাগানবাড়ি ও শিল্পকারখানা স্থাপন করছে। এসব প্রভাবশালীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না।’ সবাই মিলে বন রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন ও গাছ রক্ষা করতে না পারলে এসব দিবস পালন করে কোনো লাভ নেই।
প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বন বিভাগের সাংগঠনিক কাঠামোয় দুর্বলতা আছে উল্লেখ করে বলেন, এখানে ক্যাডার ও নন-ক্যাডারদের মধ্যে বৈষম্য রয়েছে। জনপ্রশাসন বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে এ ব্যাপারে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী বলেন, বন বিভাগের কর্মীদের মধ্যে বন সম্পর্কে যে জ্ঞান আছে তাকে কাজে লাগাতে হবে, বন ব্যবস্থাপনায় স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপপ্রধান বন সংরক্ষক আকবর হোসেন।