নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব ইতিবাচকভাবে নিয়ে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই আহ্বান জানান। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, একজন জাতীয় নেতা হিসেবে খালেদা জিয়া দুটি প্রস্তাব দিয়েছেন। গুলশান হামলার পর তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন, সরকার প্রত্যাখ্যান করেছিল। এখন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। ক্ষমতাসীনেরা সেটিও প্রত্যাখ্যান করেছে।
বিএনপির মহাসচিব বলেন, তাঁরা বলছেন না বিএনপির চেয়ারপারসনের দেওয়া এই প্রস্তাবই চূড়ান্ত প্রস্তাব। এটা নিয়ে আলাপ-আলোচনা হতে পারে। তিনি এই প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
ফখরুল বলেন, তারেক রহমান নতুন নতুন পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এসেছিলেন। এখন প্রবাসে বসেও তিনি দেশের জন্য চিন্তা করছেন, কাজ করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শুধু স্লোগান দিলে হবে না। তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। খালেদা জিয়ার প্রস্তাব আওয়ামী লীগের প্রত্যাখ্যানের সমালোচনা করেন তিনি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য দেন।
গত শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন তাঁর মা খালেদা জিয়া। এ সময় মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।