আলোচনার জন্য তুরস্ক থেকে ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রদূত
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ও বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর থেকে একাধিকবার প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির এই অবস্থানের কারণ সম্পর্কে সরকারের সঙ্গে আলোচনার জন্য আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রথম আলোকে সন্ধ্যায় এ তথ্য জানান। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে তুরস্কের সাম্প্রতিক প্রতিক্রিয়ার ব্যাপারে বুঝতে গত সপ্তাহে আল্লামা সিদ্দিকীকে ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়।
গত ১১ মে নিজামীর ফাঁসি কার্যকরের পরদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক আঙ্কারায় যান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তিনি দেশে গেলেও কবে কর্মস্থলে ফিরবেন, সেটি নিয়মানুযায়ী বাংলাদেশকে জানিয়ে যাননি।